৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
নারী

জমজ কন্যাসন্তানের জন্মের ‘শাস্তি’ তালাক! ঝিনাইদহে আলোড়ন

aqsu

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় জমজ কন্যাসন্তানের জন্ম দেওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে তালাক দেওয়ার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয়, নবজাতক দুই কন্যাশিশুকে বিক্রি করে সেই অর্থ দিয়ে দেনমোহরের টাকা পরিশোধের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ও তার পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার নতুন কোলা গ্রামে। ভুক্তভোগী রিনা খাতুন (২২) ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে রাকিবুলের সঙ্গে রিনার বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার স্বাভাবিকভাবেই চলছিল। তবে রিনা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করে। রিনার অভিযোগ, গর্ভধারণের ছয় মাসের সময় আল্ট্রাসনোগ্রাফিতে তার গর্ভে জমজ কন্যাসন্তান রয়েছে বলে নিশ্চিত হওয়ার পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার প্রতি বিরূপ আচরণ শুরু করেন। একপর্যায়ে তাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

পরে বাবার বাড়িতেই অস্ত্রোপচারের মাধ্যমে তিনি জমজ কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে শিশু দুটির বয়স দেড় মাস। তবে জন্মের পর থেকে স্বামী বা শ্বশুরবাড়ির কেউ সন্তানদের দেখতে আসেননি। এমনকি শিশুদের ভরণপোষণের দায়িত্বও নেননি বলে অভিযোগ করেছেন তিনি।

রিনা খাতুন বলেন, “কন্যাসন্তান জন্ম দেওয়াই যেন আমার অপরাধ হয়ে গেছে। এ কারণেই আমাকে নির্যাতন করা হয়েছে, পরে তালাকও দেওয়া হয়েছে। এখন আমার স্বামী বলছে, সন্তান দুটিকে বিক্রি করে সেই টাকা দিয়ে কাবিনের টাকা পরিশোধ করবে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে দুই দফা সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। পরে রাকিবুল ইসলাম রিনাকে তালাকনামা পাঠান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাকিবুল ইসলামের বাড়িতে যোগাযোগের চেষ্টা করা হলেও পরিবারের কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের দাবি, ঘটনার পর থেকেই রাকিবুল ও তার বাবা শহিদুল ইসলাম আত্মগোপনে রয়েছেন। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ। কন্যাসন্তান হওয়ার কারণে স্ত্রীকে তালাক দেওয়া বা নির্যাতনের অভিযোগ প্রমাণিত হলে তা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisements

Advertisements