বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ২১ জুন, ২০২৬
বিনোদন

এআই ব্যবহার করে রুক্মিণীর ভুয়া ছবি ছড়ানো, গ্রেপ্তার তিনজন

images (2)

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী বসন্ত–কে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও তৈরি এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু সাইবার অপরাধ দমন পুলিশ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রুক্মিণী বসন্তর নামে কিছু বিকৃত ও প্রযুক্তিনির্ভর ভুয়া ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ছবিতে তাকে বিকিনি পরা অবস্থায় দেখানো হয়। পাশাপাশি দাবি করা হয়, সেগুলো নাকি কোন সিনেমার শুটিংয়ের দৃশ্য। পরে অভিনেত্রী নিজেই জানান, ছবিগুলো পুরোপুরি ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজন হলেন ২৪ বছর বয়সী রবিকুমার, ৩৩ বছর বয়সী চন্দ্রকান্ত ও ২৫ বছর বয়সী রঞ্জিত। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। অভিযোগ, এসব ফোন ব্যবহার করেই ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল।

অভিযুক্তদের আদালতে হাজির করার পর বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতের তথ্যপ্রযুক্তি আইন এবং ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

গত মাসে বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন রুক্মিণী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ দেওয়া এক বার্তায় তিনি জানান, তার নামে ছড়ানো এআই–তৈরি ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া, এগুলোর সঙ্গে তার কোন সম্পর্ক নেই।

রুক্মিণী বলেন, এসব ছবি তার ব্যক্তিগত গোপনীয়তার গুরুতর লঙ্ঘন। এই ঘটনার পেছনে যারা জড়িত, তাদের বিরুদ্ধে আইনগত এবং সাইবার অপরাধ সংক্রান্ত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে কন্নড় সিনেমার সম্ভাবনাময় তারকাদের একজন রুক্মিণী বসন্ত। ‘সাপতা সাগারাডাচে এলো’ সিনেমার মাধ্যমে প্রশংসা পাওয়া এই অভিনেত্রীকে শিগগিরই ‘টক্সিক’ সিনেমায় যশ–এর বিপরীতে দেখা যাবে। এছাড়া ‘ড্রাগন’ সিনেমায় অভিনয় করছেন জুনিয়র এনটিআর–এর সঙ্গে। গত বছর ‘কানতারা’ সিনেমার দ্বিতীয় কিস্তিতেও অভিনয় করে আলোচনায় আসেন তিনি।

এআইরুক্মিণী বসন্ত