৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

উজানের ঢলে ফুলে উঠেছে তিস্তা, নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা

IMG_1662

হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি । এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ–এর ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

শনিবার (২০ জুন) সকাল ৬টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ মিটার, যেখানে বিপৎসীমা নির্ধারণ করা হয়েছে ৫২ দশমিক ১৫ মিটার। অর্থাৎ পানি বর্তমানে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে উজানে পাহাড়ি ঢল তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে তিস্তা নদীতে, ফলে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তীরবর্তী এলাকাগুলোতে পানি বাড়তে শুরু করেছে।

পানি আরও বৃদ্ধি পেলে ডিমলা উপজেলা–র পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ীসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জলঢাকা উপজেলা–র গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি জানিয়েছেন, সকাল ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। তবে দুপুরের দিকে পানি কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে।

Advertisements
Advertisements