প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন জুবাইদা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রীকে সহযোগিতা করে দেশের উন্নয়ন ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি মেধা, প্রজ্ঞা ও মানবিক গুণাবলির সমন্বয়ে একজন অনন্য ব্যক্তিত্ব বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. মঈন খান।

তিনি বলেন, ডা. জুবাইদা রহমান সবসময় প্রচারবিমুখ এবং জন্মদিনকে ঘিরে আড়ম্বরপূর্ণ আয়োজন পছন্দ করেন না। বরং নতুন প্রজন্মকে শিক্ষিত ও সচেতন করে তোলার মাধ্যমে একটি জ্ঞাননির্ভর সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন। এবারের জন্মবার্ষিকীর আয়োজনেও সেই দর্শনের প্রতিফলন দেখা গেছে।
অনুষ্ঠানে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। এর মধ্যে ছিল বিনামূল্যে ওষুধ বিতরণ, পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা এবং সুবিধাবঞ্চিত শিশু ও হাফেজদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন। এছাড়া কলেজ প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে নিয়ে একটি নিমগাছ রোপণ করেন ড. মঈন খান।

এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডা. পারভেজ রেজা কাঁকন, কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, প্রকৌশলী জহিরুল ইসলাম, প্রকৌশলী কুয়াশা উমায়ুন চৌধুরী এবং সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



