বক্তব্য নয়, পোশাক-ভাষা নিয়ে সমালোচনা কেন? প্রশ্ন জামায়াতের মারদিয়া মমতাজের

সংসদ সদস্য জেবা আমিনা খানের বক্তব্যকে ঘিরে সামাজিক মাধ্যমে চলা সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক ও অধিকারকর্মী মারদিয়া মমতাজ। বুধবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, কোনো বক্তার বক্তব্যের সঙ্গে মতভেদ থাকতেই পারে, তবে সেই আলোচনা হওয়া উচিত বক্তব্যের বিষয়বস্তুকে কেন্দ্র করে, ব্যক্তির পোশাক বা ভাষা নিয়ে নয়।
পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় প্রবাসে থাকার কারণে জেবা আমিনা খানের কথাবার্তায় বাংলা ও ইংরেজির মিশ্রণ থাকা অস্বাভাবিক নয়। এ নিয়ে বিদ্রূপ না করে তিনি যে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন, সেটির গুরুত্ব নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন মারদিয়া।
তিনি বলেন, দেশের অনেক এলাকায় এখনো শত শত কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে, যার কারণে শুধু সাধারণ মানুষই নয়, বিভিন্ন সরকারি সেবাও সময়মতো সেখানে পৌঁছাতে পারে না। এমন বাস্তব সমস্যাকে সামনে আনার পরিবর্তে বক্তার ভাষা নিয়ে আলোচনা হওয়াকে তিনি দুঃখজনক বলে উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে মারদিয়া মমতাজ নারীকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণের প্রবণতারও সমালোচনা করেন। তিনি বলেন, যারা প্রকাশ্যে কোনো নারীর পোশাক বা কথা বলার ধরন নিয়ে কটাক্ষ করেন, তাদের পরিবারের অন্য সদস্যদের জন্য তার সহানুভূতি হয়।



