৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
বিবিধ

শিশুদের মেধা বিকাশের উদ্যোগে বাধা সহ্য করা হবে না: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

image-315598-1781608765

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর নেতৃত্বে শিক্ষার্থীদের বহুমাত্রিক মেধা বিকাশে সরকার নতুন নতুন উদ্যোগ গ্রহণ করছে। তিনি বলেন, মেধা বিকাশের এসব উদ্যোগের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিবন্ধকতা বা নেতিবাচক প্রচারণা গ্রহণ করা হবে না। আগামী প্রজন্মকে দক্ষ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।

শনিবার (১৩ জুন) রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর–এ আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬’-এর সাংস্কৃতিক, কাবিং ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, এবারের প্রতিযোগিতায় প্রায় ২ কোটি ১০ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এক কোটিরও বেশি ছেলে ও এক কোটিরও বেশি মেয়ে শিক্ষার্থী ছিল। তার মতে, এত বৃহৎ পরিসরে অংশগ্রহণ দেশের শিশু-কিশোরদের প্রতিভা ও সম্ভাবনার একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

তিনি আরও বলেন, যে শিক্ষার্থী সংগীতে ভালো, তাকে স্কুল থেকেই উন্নত প্রশিক্ষণের সুযোগ দিতে হবে। বিতর্ক, খেলাধুলা, বিজ্ঞান বা অন্যান্য সৃজনশীল ক্ষেত্রে দক্ষ শিক্ষার্থীদেরও বিশ্বমানের বিকাশের সুযোগ নিশ্চিত করতে হবে।

ববি হাজ্জাজ বলেন, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকবে না; বরং গান, নৃত্য, আবৃত্তি, বিতর্ক, বিজ্ঞান ও খেলাধুলাসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের দক্ষতা বিকাশের সুযোগ পাবে।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা, অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা।

Advertisements
Advertisements