বাগদান সারলেন মিঠুনের মেয়ে দিশানি, সিনেমার মতই যার জীবন

বলিউড ও টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তীর পরিবারে বইছে খুশির হাওয়া। দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সেরেছেন তার মেয়ে দিশানী চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় আংটিবদলের কিছু ছবি শেয়ার করে নিজেই সুখবর দিয়েছেন তিনি। খবরটি সামনে আসতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে এই তরুণীর জীবনের কথা। যা শুনলে মনে হবে যেন কোনো সিনেমার চিত্রনাট্য।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, জন্মের পর দিশানিকে প্রথমে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় কলকাতার রাস্তায়। স্থানীয় কয়েকজনের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে রাখা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। সেই খবর এসে পৌঁছোয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানে। সে সময় তিন ছেলের বাবা-মা ছিলেন মিঠুন ও তার স্ত্রী যোগিতা বালি। তবু শিশুটিকে নিজের কন্যা হিসেবে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
মিঠুন কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, খবরটি পেয়ে মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা তৈরি হয় তার। থাকতে না পেরে সে দিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

দিশানিকে দত্তক নেওয়া নিয়ে বিস্তর আইনি ঝামেলা পোহাতে হয়েছিল বলে ভাষ্য মিঠুনের। সেসব মিটিয়ে শিশুটিকে দত্তক নিয়ে ঘরে নিয়ে আসেন মিঠুন-যোগিতা। এরপর থেকে তাদের তিন ছেলে মিমোহ, উশমেয় ও নমাশির সঙ্গে দিশানি বড় হয়েছে। মিঠুন বহুবার বলেছেন, দিশানি তার জীবনের আশীর্বাদ। কখনো তাকে দত্তক সন্তান হিসেবে আলাদা করে দেখার কথা তার মাথাতেও আসেনি বলে অভিনেতা জানিয়েছেন।

সেই দিশানীর বয়স এখন ২৫। থাকেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। ছোট থেকে অভিনেত্রী হওয়ার ইচ্ছা তার। সেখানেই নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন তিনি। প্রশিক্ষণ নিয়েছে লি স্ট্রাসবার্গ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট থেকে অভিনয় ও চলচ্চিত্র নির্মাণ বিষয়েও।

দিশানি গেল ১২ জুন প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগ্দানের খবর জানিয়েছেন। আয়োজনের কয়েকটি ছবি প্রকাশ করে দিশানি সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে সহজ ও নিশ্চিত সঙ্গী।’
অনেক দিন ধরে বলিউডেও দিশানির আত্মপ্রকাশের খবর শোনা যাচ্ছে। যদিও কোন সিনেমার মাধ্যমে বলিউডে তাকে দেখা যাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো খবর মেলেনি। তবে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন দিশানি। কিছু চিত্রনাট্য ও প্রযোজনার কাজও করেছেন। ‘গিফট’, ‘হলি স্মোক’, ‘আন্ডারপাস’ ও ‘দ্য গেস্ট’-এর মতো কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে দিশানির কাজের খবর এসেছে।



