বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ১৫ জুলাই, ২০২৬
নারী

ফুটবল খেলায় অংশ নিয়ে আলোচনায় জাইমা রহমান

IMG_1569

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সোমবার সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন। এ সময় তিনি নারী ফুটবলারদের সঙ্গে ফুটবল খেলায় অংশ নেন।

বিকেএসপিতে তার ফুটবল খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাকে পেনাল্টি এলাকার কাছে এক নারী খেলোয়াড়কে পাস দিতে দেখা যায়। পরে পাস বিনিময়ের মাধ্যমে আক্রমণে গিয়ে তিনি গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান জানান, প্রতিষ্ঠানটির আমন্ত্রণে জাইমা রহমান বিকেএসপি পরিদর্শনে যান। তিনি সেখানে বিভিন্ন ক্রীড়া সুবিধা ঘুরে দেখেন এবং কোচ ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সকাল ১০টার দিকে সাভারের শিমুলিয়ায় অবস্থিত বিকেএসপিতে পৌঁছান তিনি এবং দুপুর পর্যন্ত অবস্থান করেন। এ সময় তিনি ইনডোর ক্রিকেট সুবিধা, ক্রিকেট মাঠ, কৃত্রিম টার্ফ ফুটবল মাঠ, শুটিং ভেন্যুসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

Advertisements

এছাড়া জিমনেসিয়ামে একটি ক্রীড়া প্রদর্শনী উপভোগ করেন এবং ছাত্রাবাস পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল গোলাম মাবুদ হাসান, অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান, অধ্যাপক নাসরিন সুলতানা ও সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Advertisements
জাইমা রহমাননারী