‘আমার মেয়ে আমাকে শক্তিশালী নারী হিসেবে দেখুক’: কেটি পেরি

মার্কিন পপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেমের সম্পর্ক এখন আর গোপন কোনো বিষয় নয়। দুজনেই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেছেন। ২০২৫ সালের জুলাইয়ে তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে এক সাক্ষাৎকারে ট্রুডোর সঙ্গে সম্পর্কের বিষয়ে খোলামেলা কথা বলেন কেটি পেরি। এরপর নিউইয়র্কের ট্রাইবেকা উৎসবে তার কনসার্ট চলচ্চিত্র ‘কেটি পেরি: দ্য লাইফটাইমস ট্যুর–লাইভ ফ্রম প্যারিস’–এর প্রিমিয়ারে প্রথমবারের মতো জনসমক্ষে ট্রুডোর সঙ্গে রেড কার্পেটে হাঁটেন তিনি।

সম্প্রতি তাদের আবারও একসঙ্গে দেখা গেছে বিশ্বকাপ ফুটবলের মাঠে। ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে বিশ্বকাপের যুক্তরাষ্ট্র অংশের উদ্বোধনী অনুষ্ঠানে ‘ওয়ান্ডার’ গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন কেটি পেরি। রুপালি গাউনে তার পারফরম্যান্স ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে তিনি দৌড়ে গিয়ে ট্রুডোকে জড়িয়ে ধরেন এবং মাঠেই তাকে চুম্বন করেন। এটিই ছিল জনসমক্ষে তাদের প্রথম চুম্বনের দৃশ্য। পরে হাত ধরে ম্যাচ উপভোগ করেন এই প্রেমিকযুগল।
বিশ্বজুড়ে কোটি ভক্তের কাছে কেটি পেরি একজন জনপ্রিয় পপ তারকা। তবে তার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় সম্ভবত ‘মা’। সম্প্রতি পাঁচ বছর বয়সী কন্যা ডেইজি ডাভকে বড় করে তোলার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই গায়িকা। তার বিশ্বাস, সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাবা–মায়ের আত্মবিশ্বাসী ও স্বতঃস্ফূর্ত জীবনযাপন।
ট্রাইবেকা উৎসবে নিজের কনসার্ট চলচ্চিত্রের প্রিমিয়ারে মাতৃত্ব, ক্যারিয়ার এবং মেয়েকে ঘিরে নিজের ভাবনা তুলে ধরেন কেটি। তিনি জানান, তার ‘লাইফটাইমস ট্যুর’-এ কন্যা ডেইজিকে সঙ্গে নিতে পারাটা ছিল জীবনের অন্যতম আনন্দদায়ক অভিজ্ঞতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মেয়েকে কর্মস্থলে নিয়ে যেতে পারাটা সব সময়ই অসাধারণ। একজন মা যখন নিজের প্রকৃত সত্তা নিয়ে বাঁচতে পারেন, তখন সেটাই সন্তানের জন্য সবচেয়ে ভালো উদাহরণ হয়ে ওঠে।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু চাই আমার মেয়ে একজন শক্তিশালী নারী হিসেবে আমাকে দেখুক।’
কেটি পেরির মতে, সন্তানের সামনে নিখুঁত হওয়ার চেষ্টা করার চেয়ে একজন সৎ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে নিজেকে উপস্থাপন করাই বেশি গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘মা–বাবা হিসেবে আমরা মূলত সন্তানদের সামনে একটি উদাহরণ তৈরি করি। আমরা শুধু আশা করতে পারি, তারা একদিন আমাদের চেয়ে আরও ভালো মানুষ হয়ে উঠবে।’
ডেইজি ডাভের বাবা হলেন অভিনেতা অরল্যান্ডো ব্লুম। যদিও এই তারকা জুটি এখন আলাদা হয়ে গেছেন, তবু মেয়ের লালন–পালনে দুজনই সক্রিয় ভূমিকা পালন করছেন।



