৪ অক্টোবর, ২০২৬ | রবিবারবাংলা: ১৯ আশ্বিন ১৪৩৩
স্বাস্থ্য

স্বাস্থ্যখাতে আইনি কাঠামো জোরদারে স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়নের উদ্যোগ

sa

সম্প্রতি স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, একটি কমিটি গঠন করা হয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া প্রণয়নের দায়িত্ব পালন করবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা, বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ও আইন শাখার যুগ্মসচিবগণ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের একজন উপসচিব বা তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি।

এছাড়া স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব (সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

গত ৮ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকদের উপস্থিতিতে ইন্টার্ন চিকিৎসক ও পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভার যৌথ বিবৃতির আলোকে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে স্বাস্থ্য সুরক্ষা আইনের খসড়া প্রণয়ন, প্রয়োজন অনুযায়ী সদস্য কো-অপ্ট করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ও অংশীজনের মতামত গ্রহণ করা।

Advertisements

এছাড়া কমিটিকে আগামী ২০ কর্মদিবসের মধ্যে আইনের খসড়া প্রস্তুত করে স্বাস্থ্য সেবা বিভাগে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণীত হলে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় একটি সুসংহত ও কার্যকর আইনি কাঠামো প্রতিষ্ঠিত হবে।

Advertisements