বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনরবিবার, ১৪ জুন, ২০২৬
স্বাস্থ্য

তারুণ্য ধরে রাখতে বদলাতে হবে খাদ্যাভ্যাস

foods-for-healthy-skin-hero-2

বয়স বাড়বে, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। তবে সময়ের ছাপ যেন খুব দ্রুত শরীর ও ত্বকে না পড়ে, সেটাই চান প্রায় সবাই। অনেকেই তারুণ্য ধরে রাখতে দামি প্রসাধনী, নানা ধরনের ত্বকচর্চা কিংবা বাহ্যিক সৌন্দর্যচর্চার ওপর নির্ভর করেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, শুধু বাইরের যত্ন নয়, দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিনের খাদ্যাভ্যাস।

বিশেষজ্ঞদের মতে, শরীরে কোষের ক্ষয়, প্রদাহ এবং অস্বাভাবিক জারণ প্রক্রিয়াই দ্রুত বার্ধক্যের অন্যতম প্রধান কারণ। কিছু খাবার এই ক্ষয় রোধ করে শরীরের কোষ পুনর্গঠন করে, আবার কিছু খাবার উল্টো বয়স বাড়ার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে।

তারুণ্য ধরে রাখতে প্রতিদিনের খাদ্যতালিকায় পুষ্টিগুণে ভরপুর সবজি ও ফল রাখা জরুরি। সবুজ শাকসবজি, বিশেষ করে ব্রকলি শরীরে গুরুত্বপূর্ণ প্রোটিন তৈরিতে সহায়তা করে, যা ত্বককে দীর্ঘদিন টানটান রাখতে সাহায্য করে। একইভাবে লাল রঙের সবজি শরীরকে ক্ষতিকর রশ্মি ও প্রদাহের প্রভাব থেকে সুরক্ষা দেয়।

পালংশাক শরীরের পানির ভারসাম্য ধরে রাখতে সাহায্য করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে। অন্যদিকে মিষ্টি আলু ত্বকের নমনীয়তা বাড়িয়ে নতুন কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সুস্থ চর্বির অন্যতম উৎস অ্যাভোকাডো শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। পেঁপে হজমশক্তি বাড়ানোর পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতা শক্তিশালী করে। একইভাবে বাদাম ও আখরোট ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং কোষের সুরক্ষা নিশ্চিত করে।

ডালিমও বয়সের ছাপ কমাতে কার্যকর একটি ফল। এতে থাকা বিশেষ উপাদান শরীরের শক্তি উৎপাদনকারী কোষকে সক্রিয় রাখে এবং বয়সের সঙ্গে পেশির ক্ষয় কমাতে সাহায্য করে।

অন্যদিকে কিছু খাবার শরীরকে দ্রুত বুড়িয়ে দেয় বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত ভাজাপোড়া খাবার শরীরে ক্ষতিকর উপাদান তৈরি করে, যা ত্বকে দ্রুত বলিরেখা ফেলে। অতিরিক্ত ঝাল খাবারও ত্বকের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে।

চিনি ও কৃত্রিম চর্বিযুক্ত খাবার শরীরের স্বাভাবিক প্রোটিন তৈরির প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। ফলে ত্বক দ্রুত ঝুলে পড়া, ব্রণ এবং বয়সের ছাপ আরও স্পষ্ট হয়ে ওঠে।

একইভাবে অতিরিক্ত প্রক্রিয়াজাত মাংস, কোমল পানীয় এবং অতিরিক্ত উত্তাপে রান্না করা খাবার শরীরে পানিশূন্যতা তৈরি করে এবং দীর্ঘমেয়াদে বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়ায়।

বিশেষজ্ঞদের মতে, তারুণ্য ধরে রাখার অর্থ প্রিয় সব খাবার একেবারে বাদ দেওয়া নয়। বরং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা, প্রক্রিয়াজাত খাবার কম খাওয়া এবং প্রতিদিনের খাবারে বেশি করে ফল ও রঙিন সবজি রাখাই দীর্ঘদিন শরীর ও ত্বক সতেজ রাখার সবচেয়ে কার্যকর উপায়।

সুন্দর ও তারুণ্যদীপ্ত থাকতে তাই শুধু বাহ্যিক সৌন্দর্যচর্চা নয়, প্রতিদিনের খাবারের দিকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

খাদ্যাভ্যাসতারুণ্য