বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ১৩ জুন, ২০২৬
স্পটলাইট

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

1764242229-834f2ba7bd595581cc47ccf9b637f8f3

বাংলাদেশ বার কাউন্সিলের অধীন নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।

শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে বাংলাদেশ বার কাউন্সিল তাদের ওয়েবসাইটে এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফল অনুযায়ী, প্রথম ধাপে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন জাইমা রহমানও।

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বিষয়টি জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যক্টিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।’

জানা যায়, তিনি রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এর আগে শুক্রবার (১২ জুন) সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। এর মধ্যে ৯ হাজার ২০১ জন পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।

বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়—এমসিকিউ, লিখিত এবং মৌখিক। এই তিন ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরই একজন প্রার্থী আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।

সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় অংশ নিতে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।

বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার নীতিমালা, সিদ্ধান্ত ও দিকনির্দেশনা নির্ধারণ করে থাকে।

জাইমা রহমানপরীক্ষাবার কাউন্সিল