বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
বিনোদন

মা হওয়ার পর আবারও পর্দায় ফিরছেন ক্যাটরিনা

katrina-kaif-1

মা হওয়ার পর দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এবার শুধু বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করার ব্যাপারে আগ্রহী তিনি।

গত বছরের ৭ নভেম্বর পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা কাইফ। ভিকি কৌশল ও ক্যাটরিনা তাদের সন্তানের নাম রেখেছেন বিহান। সন্তান জন্মের পর থেকেই অভিনয়জগৎ থেকে কিছুটা দূরে ছিলেন এই অভিনেত্রী। পরিবার ও মাতৃত্বকে সময় দেওয়ার পাশাপাশি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছিলেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ক্যাটরিনা ইতিমধ্যে নতুন নতুন গল্প ও চিত্রনাট্য পড়া শুরু করেছেন। তবে কোনো সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করতে চান না তিনি। বেশ ভেবেচিন্তে নিজের পরবর্তী প্রকল্প বেছে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের শেষ দিকে নতুন কোনো সিনেমা বা অন্য প্রকল্পের শুটিং শুরু করতে পারেন তিনি।

এদিকে প্রথমবারের মতো ওয়েব সিরিজ বা ডিজিটাল কনটেন্টে কাজ করার বিষয়েও আগ্রহ দেখিয়েছেন ক্যাটরিনা। বর্তমানে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো শিল্পীদের জন্য নতুন ধরনের চরিত্র ও গল্প নিয়ে কাজের সুযোগ তৈরি করছে। মা হওয়ার পর এখন এমন চরিত্র খুঁজছেন তিনি, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।

Advertisements

ক্যাটরিনা কাইফকে সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’ সিনেমায় দেখা গিয়েছিল। শ্রীরাম রাঘবন পরিচালিত ছবিটিতে তার সহশিল্পী ছিলেন বিজয় সেতুপতি। এরপর থেকে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু এবং গণমাধ্যমের আড়ালেই ছিলেন।

২০২১ সালে ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা। ‘ওয়েলকাম’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ এবং ‘এক থা টাইগার’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। এখন তাঁর ভক্তদের অপেক্ষা, বড় পর্দা হোক বা ওটিটি—কোন মাধ্যমে ফিরবেন প্রিয় তারকা।

Advertisements
ওটিটিক্যাটরিনা কাইফবলিউড