বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

৪১ লাখ নারীর জন্য সুখবর, ফ্যামিলি কার্ড সম্প্রসারণের সিদ্ধান্ত

badget_20260611_175811890

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ খাতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও শক্তিশালী করতে এবং প্রান্তিক ও দরিদ্র পরিবারের নারীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ফ্যামিলি কার্ডধারী পরিবারের প্রধান নারী প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন। সরকার আশা করছে, ধাপে ধাপে ২০৩০ সালের মধ্যে এই কর্মসূচি সারা দেশে সম্প্রসারণ করা সম্ভব হবে।

অর্থমন্ত্রী আরও জানান, জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামোর অংশ হিসেবে দারিদ্র্য কমানো, বৈষম্য হ্রাস এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। বর্তমানে কর্মসূচিটি পাইলট পর্যায়ে চালু রয়েছে এবং দ্রুত দেশব্যাপী সম্প্রসারণের প্রস্তুতি চলছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই উদ্যোগ নারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি পরিবার পর্যায়ে দারিদ্র্য হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের মোট আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

গত ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা সংশোধিত হয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় দাঁড়ায়। তুলনামূলকভাবে এবার বাজেটের আকার প্রায় ১ লাখ ৫০ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে।

বাজেট ঘোষণার পর সাধারণত বিভিন্ন পণ্য ও সেবার দামে পরিবর্তন আসে। এবারের বাজেটে কিছু পণ্যে কর, ভ্যাট ও সারচার্জ বাড়ানো হয়েছে, আবার কিছু খাতে করছাড় ও ভর্তুকির ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে নির্দিষ্ট কিছু পণ্যের দাম বাড়তে পারে, আবার কিছু ক্ষেত্রে কমার সম্ভাবনাও রয়েছে।

কর কাঠামোর এসব পরিবর্তন সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে কী প্রভাব ফেলবে, তা নিয়ে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও ভোক্তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

কার্ডনারীফ্যামিলি