তবে কি শাকিব খানের কন্যা হিসেবেই পরিচিতি পাচ্ছেন শারলিন খান?

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আবারও মা হয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি জানান, গত ১১ মে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। নবজাতকের নাম রাখা হয়েছে শারলিন খান।
খবরটি প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে অভিনন্দনের পাশাপাশি নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। বিশেষ করে কয়েক মাস ধরে বুবলীর আড়ালে থাকা এবং সন্তানের জন্মস্থান নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
চলতি বছরের শুরু থেকেই জনসমক্ষে খুব কম দেখা যাচ্ছিল বুবলীকে। নতুন সিনেমা মুক্তি পেলেও প্রিমিয়ার, সংবাদ সম্মেলন কিংবা প্রচারণামূলক কর্মকাণ্ডে তাঁর উপস্থিতি ছিল প্রায় অনুপস্থিত। ফলে চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন ছড়িয়ে পড়ে—তিনি কি আবারও মা হতে চলেছেন?

ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, মাতৃত্বকালীন পুরো সময় ঢাকাতেই ছিলেন এই অভিনেত্রী। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেছেন। যদিও শুরুতে ধারণা করা হয়েছিল, প্রথম সন্তানের মতো এবারও হয়তো যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে যাবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি বলে জানা গেছে।
বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে। যদিও হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি। হাসপাতাল-সংশ্লিষ্ট একাধিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে।
বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রের দাবি, বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়েছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে। যদিও হাসপাতালের নাম প্রকাশ করা হয়নি। হাসপাতাল-সংশ্লিষ্ট একাধিক সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে বলে জানা গেছে।
মা হওয়ার আগে পর্যন্তও কাজ নিয়ে ব্যস্ত ছিলেন বুবলী। বিভিন্ন বিজ্ঞাপনচিত্র ও সিনেমার শুটিং করেছেন তিনি। এমনকি পরিচালক রায়হান রাফি পরিচালিত প্রেশার কুকার সিনেমার কাজও সম্পন্ন করেন। তবে সিনেমাটি মুক্তি পেলেও প্রচারণায় তাঁর অনুপস্থিতি তখন নানা জল্পনার জন্ম দেয়।
শুক্রবার নিজের ফেসবুক পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।”
পোস্টের সঙ্গে প্রকাশ করা ফটোকার্ডে মেয়ের নাম শারলিন খান উল্লেখ করা হয়। পাশাপাশি সেখানে অভিনেতা শাকিব খান-কেও ট্যাগ করেন বুবলী। আর এতেই সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে নবজাতক শারলিন।
উল্লেখ্য, ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে জন্ম হয়েছিল শাকিব খান ও বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের। তবে তাঁর জন্মের খবর প্রকাশ্যে আসে দুই বছর পর। অন্যদিকে কন্যাসন্তান শারলিনের জন্মের খবর বুবলী জানিয়েছেন জন্মের এক মাস পূর্ণ হওয়ারও আগেই।
এখন প্রশ্ন উঠছে, শেহজাদের মতোই কি শারলিনও ধীরে ধীরে তারকা বাবা-মায়ের পরিচয়ের বাইরে নিজস্ব পরিচয় গড়ে তুলবে, নাকি শুরু থেকেই ‘মেগাস্টার শাকিব খানের মেয়ে’ হিসেবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে? সময়ই দেবে সেই উত্তর।



