এবার বিয়ের মঞ্চে গৌরী, তৃতীয়বারের মত বিয়ের পিঁড়িতে আমির খান

বলিউড অভিনেতা আমির খানের জীবনে শুরু হতে যাচ্ছে নতুন অধ্যায়। প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে রেজিস্ট্রি বিয়ে করবেন বলে ভারতীয় গণমাধ্যমকে জানান তারা।

সম্প্রতি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন আমির ও গৌরী। তবে এই আয়োজনকে বড় কোনো অনুষ্ঠানে পরিণত করতে চান না তারা। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু নিয়েই হবে বিয়ের আনুষ্ঠানিকতা।
যদিও অতিথি তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবু বলিউডে গুঞ্জন রয়েছে-আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান সময়-সুযোগ মিললে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।
আমির খানের ব্যক্তিগত জীবনে এটি হবে তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে জন্ম নেয় দুই সন্তান জুনাইদ খান ও ইরা খান। পরে চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের একমাত্র ছেলে আজাদ। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ।
অন্যদিকে গৌরী স্প্র্যাটেরও আগে একটি সংসার ছিল। আগের সম্পর্ক থেকে তার সাত বছর বয়সী এক ছেলে রয়েছে। গৌরীর পারিবারিক ইতিহাসও বেশ আলোচিত। তার দাদা ফিলিপ স্প্র্যাট ছিলেন ব্রিটিশ বংশোদ্ভূত কমিউনিস্ট কর্মী, যিনি ১৯২০-এর দশকে ভারতে এসে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন।
গত বছর নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। তখনই তাদের সম্পর্ক নিয়ে জোর আলোচনা শুরু হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে, আর এবার বিয়ের মাধ্যমে সেটি নতুন পরিণতি পেতে যাচ্ছে।
দুইবারের দাম্পত্য জীবনের পর বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর জীবনের নতুন অধ্যায় কেমনভাবে শুরু হয় এ নিয়ে আগ্রহী হয়ে আছেন ভক্তরা।



