তরুণ বয়সেই বিশ্বজয়: ফোর্বসের স্বীকৃতি পেলেন নাফিরা নাঈম

বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস-এর ‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের তরুণ সমাজকর্মী নাফিরা নাঈম আহমেদ। তিনি সোশ্যাল ইমপ্যাক্ট ক্যাটাগরিতে নির্বাচিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ফোর্বস ২৭ মে প্রকাশিত ১১তম ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০ বছরের কম বয়সী ৩০০ জন উদ্যোক্তা, উদ্ভাবক ও পরিবর্তনসাধক তরুণকে স্বীকৃতি দেয়। এ বছরের তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে স্থান পান নাফিরা।
ফোর্বসের তথ্য অনুযায়ী, নাফিরা ২০১৯ সালে অলাভজনক প্রতিষ্ঠান অ্যামপ্লিটিউ প্রতিষ্ঠা করেন। নারী ও শিশুদের সহায়তায় কাজ করা এ সংগঠনের অন্যতম উদ্যোগ ‘বুকসগিভিং’, যার মাধ্যমে সংগ্রহ করা বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। বর্তমানে সংগঠনটির কার্যক্রমে ৩০ জনের বেশি স্বেচ্ছাসেবক যুক্ত রয়েছেন।
নাফিরার নেতৃত্ব ও সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৪ সালে জাতিসংঘের মিলেনিয়াম ফেলো নির্বাচিত হন। একই বছর তিনি ডায়ানা অ্যাওয়ার্ডের লিগ্যাসি অ্যাওয়ার্ডও অর্জন করেন।
ফোর্বস বলেছে, সমতা প্রতিষ্ঠা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে নাফিরার উদ্যোগ কাজ করে যাচ্ছে। তরুণ বয়সেই তার এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের জন্য গৌরবের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।



