ঈদ মাতাতে এলো ‘গুলগুলী পিঠা’, নজর কাড়লেন শুভ-মিম

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। এরই মধ্যে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। অ্যাকশন ও নাটকীয়তায় ভরপুর ট্রেলারটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
এই আগ্রহ আরও বাড়িয়ে দিতে সম্প্রতি প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম আইটেম গান ‘গুলগুলী পিঠা’। গানটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ঈদের বাড়তি আমেজ ছড়িয়ে পড়েছে।
‘গুলগুলী পিঠা’ গানে কণ্ঠ দিয়েছেন মিলা ও প্রতীক হাসান। গানটির সংগীতায়োজন ও সুর পরিচালনা করেছেন আদিত রহমান।
গানের শুরুতেই বিদ্যা সিনহা মিমকে দেখা যায় একেবারে নতুন রূপে। ঝলমলে বাদামি আভাযুক্ত ফিউশন পোশাকে প্রাণবন্ত নাচ ও অভিব্যক্তিতে নজর কেড়েছেন তিনি। দীর্ঘদিন পর বড় পরিসরের নাচের গানে অংশ নিয়ে দর্শকদের নতুনভাবে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।
অন্যদিকে কিছুক্ষণ পরই রাগেড লুকে পর্দায় হাজির হন আরিফিন শুভ। তার উপস্থিতি গানে ভিন্ন মাত্রা যোগ করেছে। শুভ ও মিমের অনস্ক্রিন রসায়নও দর্শকদের নজর কাড়ছে।
গানটির সংগীত ও বিটে রয়েছে উৎসবের প্রাণচাঞ্চল্য। প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক দর্শক মন্তব্য করেছেন, গানটি যেন ‘ঈদের আসল আমেজ ফিরিয়ে এনেছে।’
ঈদকে সামনে রেখে ‘মালিক’ সিনেমা ও এর গান নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই।



