বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৬ মে, ২০২৬
বিবিধ

এক টাকায় ঈদ বাজার

ChatGPT Image May 26, 2026, 02_05_00 AM

অসহায় ও দুস্থ মানুষের মুখে ঈদের হাসি ফোটাতে লালমনিরহাটের তিস্তাপাড়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী ‘ভালোবাসার বাজার’। সেখানে মাত্র এক টাকায় মিলেছে ঈদের প্রয়োজনীয় বাজারসামগ্রী।

সোমবার (২৫ মে) সকালে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের চিনাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বিশেষ বাজারের উদ্বোধন করেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন এই উদ্যোগ নেয়। ‘তিস্তাপাড়ে ভালোবাসার বাজার’ নামে আয়োজিত এ বাজারে হতদরিদ্র ও অসহায় মানুষ মাত্র এক টাকার বিনিময়ে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, আটা-ময়দাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও ঈদসামগ্রী সংগ্রহের সুযোগ পান।

আয়োজকরা জানান, তিস্তাপাড় এলাকার পাঁচ শতাধিক দরিদ্র পরিবার এই বিশেষ বাজার থেকে ঈদের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সব মানুষের মধ্যে সমানভাবে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্য থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। সরকারের পাশাপাশি বেসরকারি মানবিক উদ্যোগগুলো দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কথা বলেন ত্রাণমন্ত্রী। তিনি বলেন, তিস্তা নিয়ে যারা এখন সমালোচনা করছেন, আন্দোলনের সময় তাদের দেখা যায়নি। সরকারের আমলেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজক জামাল উদ্দিন, সদর থানার ওসি সাদ আহমেদসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

ঈদ বাজারএকটাকাতিস্তাভালোবাসার বাজার