বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১৯ মে, ২০২৬
বিনোদন

এবার হেপাটাইটিস ‘এ’-তে আক্রান্ত হয়ে হাসপাতালে গায়িকা

sonica_photo_noor_1

দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা সনিকা হেপাটাইটিস ‘এ’-তে ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বনানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবর ভক্তদের জানান তিনি।

হাসপাতালের বিছানায় শুয়ে তোলা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, ‘আগামী কয়েক দিনের জন্য এটাই আমার ঘর।’ পোস্টটির সঙ্গে একটি সাদা হৃদয়ের প্রতীকও যুক্ত করেন তিনি।

তার এই পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন সনিকা। অল্প সময়ের মধ্যেই দেশের সংগীতাঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।

২০১৩ সালে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ‘শ্রেষ্ঠ বাংলাদেশি নারী ডিজে’ সম্মাননা অর্জন করেন তিনি। পরে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেন। ২০১৪ সালে প্রকাশিত হয় তার প্রথম মিউজিক ভিডিও ‘ভাল্লাগে’, যা শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

সংগীতের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে ছোটপর্দায় অভিনয় শুরু করে ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি।

উল্লেখ্য, সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-এর অসুস্থতার খবরে উদ্বিগ্ন ছিল শোবিজ অঙ্গন। এরই মধ্যে সনিকার হাসপাতালে ভর্তি হওয়ার খবর নতুন করে ভক্তদের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।

গায়িকারাজধানীহাসপাতালহেপাটাইটিস ‘এ’