বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ১৮ মে, ২০২৬
বিনোদন

এবার নিজের বিছানায় বসেই দেখতে পারবেন ‘বনলতা এক্সপ্রেস’

Bonolota Express

রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ব্যবসায়িক দিক থেকেও শীর্ষে ছিল সিনেমাটি। মুক্তির প্রায় দুই মাস পরেও দেশ-বিদেশের হলে দর্শক ধরে রেখেছে তানিম নূরের সিনেমাটি। হলের সাফল্যের রেশ থাকতেই হোম স্ক্রিনে আসছে বনলতা এক্সপ্রেস। ২৪ মে থেকে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে এই সিনেমা।

প্রযোজনা- সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে প্রায় দুই মাস প্রদর্শনের পর সিনেমাটি ওটিটিতে মুক্তির পরিকল্পনা ছিল আগেই। সেই পরিকল্পনা অনুযায়ী এবার ঘরে বসেই দর্শকরা দেখতে পারবেন আলোচিত এই সিনেমা। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী চলবে।

বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল যাত্রীকে ঘিরে। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, নতুন গন্তব্যের খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, অঙ্কের অধ্যাপক রশীদ উদ্দিন কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান- সবাই এই ট্রেনের যাত্রী। এই ট্রেনযাত্রা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

সিনেমার প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।

শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে মনে করছেন দর্শক ও সমালোচকরা। ওটিটিতে মুক্তির ঘোষণার পর সামাজিক মাধ্যমেও সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

‘বনলতা এক্সপ্রেস’ওটিটি প্ল্যাটফর্মবিছানাহইচই