বাংলাদেশের নারী ও জীবনধারার ম্যাগাজিনশুক্রবার, ১৫ মে, ২০২৬
বিবিধ

মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা...

WhatsApp Image 2026-05-15 at 6.10.35 PM

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মেট্রোরেলে ভ্রমণের ক্ষেত্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি এবং প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার পরিকল্পনা করছে সরকার। এতে বছরে প্রায় ১২ কোটি টাকা রাজস্ব কমতে পারে, যা ডিএমটিসিএলের মোট টিকিট আয়ের প্রায় ৩ শতাংশ।

পরবর্তী ধাপে শিক্ষার্থীদের জন্যও মেট্রোরেলে ভাড়া ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের। তবে শিক্ষার্থীদের ক্ষেত্রে ছাড় কার্যকর করা হবে ডিএমটিসিএলের রাজস্ব আয় ও পরিচালন সক্ষমতার বিষয় বিবেচনায়।

বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বর্তমানে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি ও প্রতিবন্ধীরা মেট্রোরেলের একক যাত্রার টিকিটে ১৫ শতাংশ ছাড় পান। এছাড়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মেট্রোরেলে বিনামূল্যে ভ্রমণের সুবিধা রয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতিহার এবং বর্তমান সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় ৬৫ বছর বা তার বেশি বয়সী যাত্রী ও প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ভাড়া আরও কমানোর প্রতিশ্রুতি রয়েছে। এর অংশ হিসেবে তাদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র দেখিয়ে এবং ৬৫ বছর বা তার বেশি বয়সীরা জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে এ সুবিধা পাবেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক কর্মকর্তা টিবিএসকে বলেন, “বয়স্ক ও প্রতিবন্ধীদের ভাড়ায় ছাড় দেওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এটি বিএনপির নির্বাচনী ইশতিহার ও সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত।”

তিনি বলেন, “সরকারের রাজস্ব ও আর্থিক সংশ্লেষ রয়েছে—এমন বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নেওয়ার বিধান রয়েছে। সে কারণে গত বুধবার এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চেয়ে চিঠি দেওয়া হয়েছে।” এদিকে আগামী অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও কিছু সুবিধা রাখার পরিকল্পনা করছে সরকার। করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিলের একটি নির্দিষ্ট অংশ প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয়ের নির্দেশনা অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে থাকতে পারে।

তবে সিএসআর বিষয়ে জাতীয় কোনো নীতিমালা না থাকায় এ নির্দেশনা কতটা বাস্তবায়ন হবে, তা নিয়ে সংশয় রয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের।

২৫ শতাংশ ছাড়প্রতিবন্ধীবয়স্কভাড়ামেট্রোরেল