চেন্নাইয়ে দুই ভাইয়ের রক্ত পরীক্ষা, একজন হবেন কারিনার লিভার ডোনার
লিভারজনিত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ...

লিভারজনিত জটিলতায় সংকটাপন্ন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছে। চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সেখানে পৌঁছানোর পর তার নতুন চিকিৎসা প্রক্রিয়া শুরু হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে তার ফুসফুসের জটিলতা নিয়ন্ত্রণে আনা হবে। এরপর ধাপে ধাপে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নেওয়া হবে। গত সোমবার (১১ মে) রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাইয়ের উদ্দেশে নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন মা ও দুই ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

চিকিৎসা পরিস্থিতি নিয়ে কায়সার হামিদ বলেন, হাসপাতালে পৌঁছানোর পর দ্রুত চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসকেরা আগে ফুসফুসের সমস্যা নিয়ন্ত্রণে কাজ করছেন। এরপর লিভার প্রতিস্থাপনের দিকে অগ্রসর হবেন। বর্তমানে তার রক্তচাপ নিয়ন্ত্রণে আছে এবং হৃদযন্ত্র ও কিডনির অবস্থা স্থিতিশীল রয়েছে।
তিনি আরও জানান, দেশে চিকিৎসাধীন অবস্থায় কারিনাকে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল বলে ভারতীয় চিকিৎসকেরা মত দিয়েছেন। বর্তমানে ধাপে ধাপে তার শারীরিক অবস্থার উন্নতি আনার চেষ্টা চলছে। ফুসফুসে জমে থাকা পানি অপসারণের কাজও চলছে।
এদিকে লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনার দুই ভাইয়ের রক্ত পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজন লিভার দান করবেন।
বাবা কায়সার হামিদ বলেন, ছোট ছেলে সাদাত হামিদের রক্তের গ্রুপ কারিনার সঙ্গে মিলেছে। তবে চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে দুই ভাইয়েরই প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।
এর আগে রোববার তিনি জানান, মেয়ের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করেন।
পরিবার সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। পরবর্তী সময়ে হেপাটাইটিস এ এবং ই জটিলতায় তার লিভার ফেইলিওর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।
উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া কারিনা কায়সার সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও যুক্ত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণদের মধ্যে জনপ্রিয়তা তৈরি করেছে। তার অসুস্থতার খবরে সহকর্মী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং অনেকে তার সুস্থতা কামনা করছেন।


