বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
নারী

ফেসবুকে কটূক্তির শিকার তরুণী, কটূক্তিকারীদের অফিসে অভিযোগ প্রেরণ

690755479_3071545593030536_4996744636476671565_n

রিমানা আকতার নামের এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করা কয়েকজনের কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক অভিযোগ পাঠানোর দাবি করেছেন তিনি।

সম্প্রতি দেওয়া এক ফেসবুক পোস্টে রিমানা জানান, তার পোস্টে এসে যারা ব্যক্তিগত আক্রমণ, কটূক্তি ও বুলিং করেছেন, তাদের মধ্য থেকে ১০ জনকে শনাক্ত করেন তিনি। কারও ফেসবুক প্রোফাইল লক থাকলেও, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ঘেঁটে তাদের পরিচয় ও কর্মস্থলের তথ্য সংগ্রহ করেন।

রিমানা দাবি করেন, এরই মধ্যে দুটি প্রতিষ্ঠান তার অভিযোগের জবাব দিয়েছে। তার ভাষ্য, অভিযুক্তদের মধ্যে অন্তত দুজনের চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাদের একজনের মন্তব্যকে তিনি ‘সরাসরি যৌন হয়রানি’ হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘চাকরি যাক বা না যাক, তাদের অফিস বা ইন্সটিটিউট জানবে যে he/she is not a safe person। অন্তত জবাবদিহি করা হবে।’

আরও এক অংশে তিনি বলেন, ‘কেউ আমাকে বুলি করলে বা একটা বাজে কথা বলে গেলে আমি সেটা মাথায় নিয়ে ঘুরব না। শুধু ফেসবুকে চিল্লিয়েই শেষ করব না। আমার জন্য আমি সবার আগে ভয়েস রেইজ করব। No more silence।’

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে এটিকে নিজের ‘ফার্স্ট স্টেপ’ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়ার ইঙ্গিত দেন রিমানা। একই সঙ্গে অনলাইন হয়রানির ঘটনায় ভুক্তভোগীদের আইনি সহায়তা নেওয়ার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

তার এই পদক্ষেপ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ এটিকে সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ ব্যক্তিগত তথ্য ব্যবহার করে অভিযোগ পাঠানোর বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে- এ বিষয়ে একমত অনেকেই।

অভিযোগকটূক্তিনারীফেসবুক