বাংলাদেশে গম পাচারের অভিযোগ: ভারতের অভিনেত্রী নুসরাত জাহানকে তলব

ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী ও তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার (২২ এপ্রিল) কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাকে হাজির হতে বলা হয়েছে। ২৩ এপ্রিল পশ্বিমবঙ্গে প্রথম দফার নির্বাচন। তার আগেই ইডির তরফে ২২ তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নায়িকাকে। তবে কলকাতা না দিল্লি—কোন দপ্তরে হাজিরা দেবেন নুসরাত? সেই বিষয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।
শোনা যাচ্ছে কলকাতায় নয়, বরং দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজিরা দেবেন নুসরাত জাহান। সূত্রের খবর, ২২ এপ্রিল ইডির পক্ষ থেকে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অভিনেত্রীই বিশেষ আবেদনের মাধ্যমে দিল্লির ইডি দপ্তরে হাজিরার আরজি জানিয়েছেন।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাকালে সীমান্ত এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল। সেই সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরত। ইডির একটি সূত্র জানিয়েছে, ওই ঘটনার তদন্তে একাধিক নাম সামনে এসেছে এবং বাংলাদেশে গম পাচার প্রসঙ্গে সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতে নুসরতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি। ইডির একটি সূত্র বলেন, রেশনের গম পাচারের ঘটনার তদন্তে নেমে বেশ কিছু নাম পাওয়া গেছে।
২০২৪ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন পাননি নুসরাত। এমনকি, দলের প্রচারে যেসব তারকারা ছিলেন, সেই তালিকায়ও ছিলেন না তিনি। ফলে দলের উপর খানিকটা অভিমান হয়েছিল তার। তবে সব মান-অভিমান ভুলে চলতি বছরের বিধানসভা নির্বাচনে দলের পাশে আছেন নুসরাত জাহান। বিধানসভা নির্বাচনে যেসব তারকারা প্রচারে অংশ নেবেন, সেই তালিকায় নাম রয়েছে তার।
এর মধ্যে যশ-নুসরাত দিন কয়েক ধরেই বিদেশে ছুটি কাটাচ্ছেন। মাঝেমধ্যেই তাঁদের ভ্রমণবিলাসের ঝলক দেখা যাচ্ছে নেট–ভুবনে। এমতাবস্থায় ইডির সমন পেলেন নুসরাত জাহান। উল্লেখ্য, অতীতেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নতুন করে ইডির তলব বিষয়ে অভিনেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



