বিএনপি থেকে সর্বকনিষ্ঠ এমপি হিসেবে মনোয়ন পেলেন ছাত্রদলের মানসুরা আক্তার

ত্রয়োদশ নির্বাচনের সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি। এবার ৩৬ জনকে দেওয়া হলো দলের চূড়ান্ত মনোনয়ন। দলের মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আক্তার ।
আজ সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গত শুক্রবার (১৭ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার শুরু করে বিএনপি। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলটির মনোনয়ন বোর্ডের সদস্যরা। শনিবারও (১৮ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে পাঁচ বিভাগের ৫৪৫ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নেয় দলটির মনোনয়ন বোর্ড। এতে সভাপতিত্ব করেন বোর্ডের ও বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
মানসুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী। ছাত্রদলের কর্মী হিসেবে মানছুরা আক্তার দীর্ঘদিন ধরেই বিএনপির হয়ে রাজপথে সক্রিয় ছিলেন। আওয়ামী সরকার আমলে বিভিন্ন সময় মামলা-হামলার শিকার হয়েছেন তিনি। ২০২২ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের হামলায় তিনি গুরুতর আহত হন। এই হামলায় হাত ভেঙে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। এই ঘটনায় পরবর্তীতে তিনি ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
এ ছাড়াও ২০২৩ সালের এপ্রিল মাসেও মানসুরা ফের ছাত্রলীগের হামলার শিকার হন। ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের গেটের সামনে আড্ডা দেওয়ার সময় ছাত্রলীগের কর্মীদের দ্বারা তিনিসহ ছাত্রদলের আরও কয়েকজন নেতা হামলার শিকার হন। হামলার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানাভাবে আক্রমণ ও কুৎসার শিকার হয়েছেন। বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনীত এমপি প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ হিসেবে মানসুরা নির্বাচিত হয়েছেন। তালিকা ঘোষণার পর তিনি ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, ‘সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’



