বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
নারী

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

k

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জান্নাতুল নওরীন উর্মি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর প্রতিক্রিয়ায় নওরীন বলেন, সংরক্ষিত নারী আসনকে কেবল একটি সাংবিধানিক ব্যবস্থা হিসেবে নয়, বরং নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের একটি বাস্তবধর্মী সুযোগ হিসেবে দেখা উচিত। তিনি আরো বলেন, সংসদের ৩৫০টি আসনের মধ্যে ৫০টি সংরক্ষিত নারী আসন থাকলেও নারীর অংশগ্রহণ এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। তৃণমূল নারীদের জন্য সরাসরি নির্বাচনে অংশ নেওয়া অর্থনৈতিক ও সাংগঠনিক কারণে কঠিন হওয়ায় এই আসন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

এমপি হতে চাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নওরীন জানান, দীর্ঘ এক যুগ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকে তিনি মাঠপর্যায়ে মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি বলেন, নারীদের সঙ্গে সরাসরি কাজ করতে গিয়ে বুঝেছি সংসদে কার্যকর প্রতিনিধিত্ব ছাড়া তাদের অধিকার, নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা কঠিন।

আন্তর্জাতিক উদাহরণ টেনে তিনি বলেন, মেক্সিকোতে পারিটি আইন কার্যকর হওয়ার পর মাতৃমৃত্যু কমেছে। গবেষণায় দেখা গেছে, নারীর অংশগ্রহণ বাড়লে অর্থনীতি ও সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হয়। অথচ বাংলাদেশে এখনও মাতৃমৃত্যু ও নারীর প্রতি সহিংসতার হার উদ্বেগজনক।

এ ছাড়া তিনি সংসদে নির্বাচিত হলে নারী, শিশু, শিক্ষা, স্বাস্থ্য, আইসিটি ও স্বরাষ্ট্রবিষয়ক স্থায়ী কমিটিগুলোতে সক্রিয়ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, পাশাপাশি নারী অধিকার ও সমঅধিকার নিশ্চিতে প্রাইভেট মেম্বার বিল উত্থাপন এবং জেন্ডার-সংবেদনশীল বাজেট প্রণয়নে ভূমিকা রাখার কথাও জানান।

সংরক্ষিত আসনসর্বকনিষ্ঠ প্রার্থী