বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
বিবিধ

সিলিকা জেল: কেন এগুলোর প্যাকেট আপনার সংরক্ষণ করা উচিত?

silica-gel

নতুন জুতা কিনেছেন, কিংবা অনলাইনে কোনও গ্যাজেট ডেলিভারি পেয়েছেন বক্স খুলতেই চোখে পড়ে ছোট্ট সাদা একটি প্যাকেট। তাতে লেখা থাকে, “ডু নট ইট”। বেশিরভাগ মানুষ একে গুরুত্ব না দিয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দেন। অথচ এই ছোট্ট প্যাকেটটাই হতে পারে আপনার ঘরের নীরব সহকারী। আর এর নাম সিলিকা জেল। অদৃশ্যভাবে আর্দ্রতার সঙ্গে লড়াই করে এটি রক্ষা করে আপনার প্রিয় জিনিসগুলোকে। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনের বেশ কিছু সমস্যার সহজ সমাধানও লুকিয়ে আছে এই ছোট প্যাকেটের ভেতর।

রান্নাঘর থেকে শুরু করে আলমারি, এমনকি শখের গ্যাজেটটি ভালো রাখতে এই ছোট্ট প্যাকেট জাদুর মতো কাজ করতে পারে।

সিলিকা জেল কী কাজে লাগে?

১. আর্দ্রতা কমানো: বাতাসের বাড়তি জলীয় বাষ্প শুষে নিয়ে জিনিসপত্র শুকনা রাখে।

২. ছাতা বা ছত্রাক থেকে সুরক্ষা: আর্দ্রতা না থাকলে খাবারে বা চামড়ার জিনিসে ছত্রাক বা ছাতা ধরতে পারে না।

৩. দীর্ঘদিন ভালো রাখা: ওষুধের গুণগত মান বজায় রাখতে এবং খাবার অনেক দিন তাজা রাখতে সিলিকা জেল সাহায্য করে।

৪. দামি ইলেকট্রনিকসকে রক্ষা: ক্যামেরা, ল্যাপটপ, মুঠোফোন, গেমিং কনসোলের মতো সূক্ষ্ম যন্ত্রাংশগুলো যেন মরিচা বা আর্দ্রতার কারণে নষ্ট না হয়, তা নিশ্চিত করে।

৫. পণ্যের মান ঠিক রাখা: জুতার চকচকে ভাব বা নতুন জিনিসের ঘ্রাণ ধরে রাখতে সিলিকা জেল কাজ করে। এ ছাড়া আর্দ্র পরিবেশ চামড়ায় যেহেতু সহজেই ছত্রাক পড়ে, তাই এ ক্ষেত্রেও সিলিকা জেল সুরক্ষা দেয়।

৬.পানিতে ভেজা ফোনের ক্ষেত্রে : অসাবধানতাবশত ফোন পানিতে পড়ে গেলে আমরা অনেকেই চালের ভেতর রেখে দিই। কিন্তু সিলিকা জেল আরও কার্যকরভাবে আর্দ্রতা শোষণ করতে পারে। ফোনটি ভালোভাবে মুছে একটি এয়ারটাইট ব্যাগে কয়েকটি সিলিকা জেল প্যাকেটসহ রেখে দিন কয়েকদিন। এতে ভেতরের আর্দ্রতা কমে গিয়ে ফোন আবার কাজ করার সম্ভাবনা বাড়ে।

৭. পুরোনো ছবি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সুরক্ষিত রাখতে : পুরোনো ছবি, সার্টিফিকেট বা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আর্দ্রতার কারণে নষ্ট হয়ে যেতে পারে। কখনো কখনো ছবিগুলো একসঙ্গে লেগে যায় বা রং ফিকে হয়ে যায়। এই সমস্যা থেকে বাঁচতে সংরক্ষণের জায়গায় কয়েকটি সিলিকা জেল প্যাকেট রাখলেই হবে। এটি আর্দ্রতা নিয়ন্ত্রণ করে স্মৃতিগুলোকে দীর্ঘদিন অক্ষত রাখে।

৮. ব্যাগের দুর্গন্ধ দূর করে: জিম ব্যাগ বা প্রতিদিনের ব্যবহারের ব্যাগে ঘাম জমে একসময় তীব্র দুর্গন্ধ তৈরি হয়। এর মূল কারণ আর্দ্রতা ও ব্যাকটেরিয়া। সিলিকা জেল সেই আর্দ্রতা শুষে নিয়ে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমায়, ফলে দুর্গন্ধও কমে যায়।

আর্দ্রতাপ্যাকেটসিলিকা জেল