অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান

ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর নেতৃত্বে একজন নারীকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এক বিবৃতিতে বলেন, ‘জুলাই মাস থেকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ১২৫ বছরের ইতিহাসে আমরা প্রথমবারের মতো একজন নারী সেনাপ্রধান পেতে যাচ্ছি।’ প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস কয়েলের নিয়োগকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেছেন। তিনি আরো বলেন, তিনি বলেন, সুসান কোয়েলের এই অর্জন বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত নারী এবং ভবিষ্যতে এই বাহিনীতে যোগ দিতে চাওয়া নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।
অস্ট্রেলিয়া সরকারের আরো এক বিবৃতিতে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল আগামী জুলাই মাসে দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেবেন। তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। বর্তমানে সুসান কোয়েল জয়েন্ট ক্যাপাবিলিটিজ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
সুসান কোয়েলকে এমন সময়ে নিয়োগ দেওয়া হয়েছে, যখন অস্ট্রেলিয়ার সামরিক বাহিনী তাদের নারী কর্মকর্তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে বাহিনীর ভেতরে পদ্ধতিগত যৌন হয়রানি ও বৈষম্যের একাধিক অভিযোগও উঠেছে।
বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং শীর্ষ নেতৃত্বে ১৮ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার বাড়িয়ে ২৫ শতাংশ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।



