বৈশাখ আসলেই আমাদের মন চলে আসে চারুকলায়- বললেন বিপাশা হায়াত

বুধবার (৮ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতিতে নবীন শিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুখোশে রং মেলাতে দেখা গেছে বিপাশা হায়াতকে। তিনি বলেন- বৈশাখ আসলেই আমরা দৈহিকভাবে যেখানেই থাকি না কেন, আমাদের মন চলে আসে চারুকলায়। এটি আমাদের জীবনের গভীর অংশ। আমরা যেভাবে আমাদের জন্মদিন বা বিশেষ দিন পালন করি, তেমনি দাওয়াতে যাওয়া বা বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর মতই এই চারুকলার প্রস্তুতি। আমরা সকলের মঙ্গল প্রার্থনা করি। এই দেশের মঙ্গল প্রার্থনা করি।
বিপাশা হায়াত ১৯৯৮ সালে চারুকলা অনুষদ থেকে এমএফএ সম্পন্ন করেন। ১৯৯২-৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে নিজ ক্যাম্পাসের আঙিনায় তাকে বেশ সাবলীল ও আনন্দমুখর দেখা গেছে। গত বছর, ২০২৫ সালে রাজধানী ঢাকায় গ্যালারি চিত্রক-এ বিপাশা হায়াতের একক চিত্রপ্রদর্শনী ‘প্রস্তরকাল’ আয়োজন করা হয়।
বর্তমানে অভিনেত্রী বিপাশা হায়াত এক ভিন্ন রূপে নিজেকে মেলে ধরেছেন। কাঁচাপাকা চুলের নতুন লুকে হাজির হয়ে যেমন চমকে দিয়েছেন, তেমনি নিজের শিল্পীসত্তার সরব উপস্থিতিও জানান দিচ্ছেন। মানুষের কথা বলে, মানুষের আর্তনাদকে ফুটিয়ে তোলে এমন কোন চরিত্র পেলে তিনি আবার পর্দার সামনে আসবেন বলেও জানা যায়।



