বিয়ে করেছেন সিমরিন লুবাবা

গ্ল্যামার জগতকে বিদায় জানানোর পর নতুন জীবনে পা রাখার খবর দিলেন সাবেক শিশুশিল্পী সিমরিন লুবাবা। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে নিজের ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করে বিয়ের কথা জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের নতুন জীবনের একটি ছবি শেয়ার করে এই সাবেক তারকা ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ এই ঘোষণার মধ্য দিয়ে তিনি তার জীবনের আমূল পরিবর্তনের বিষয়টি পুনরায় স্পষ্ট করলেন।
বেশ কিছুদিন ধরেই লুবাবার জীবনযাপনে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল। গ্ল্যামার জগত থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি ধর্মীয় অনুশাসনে জীবন পরিচালনার কথা জানিয়েছিলেন। সম্প্রতি একটি দীর্ঘ বার্তার মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের আধ্যাত্মিক উপলব্ধির কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতাতেই এবার বিয়ের খবর দিলেন লুবাবা।
তবে বিয়ে এবং জীবনসঙ্গীর কথা জানালেও তার পরিচয় গোপন রেখেছেন তিনি। প্রকাশিত ছবিতে দম্পতির কারো চেহারা স্পষ্ট করা হয়নি। ফলে লুবাবার জীবনসঙ্গীর পরিচয় নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে।
লুবাবার এই সাহসী পদক্ষেপ এবং আত্মপরিবর্তনের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রশংসায় ভাসছেন। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা কমেন্ট বক্সে তাকে অভিনন্দন জানাচ্ছেন। নেটিজেনদের অনেকেই তার এই নতুন যাত্রার প্রতি সমর্থন জানিয়ে সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন। শোবিজের চাকচিক্য ছেড়ে দ্বীন শেখার পথে তার এই নতুন পথচলা অনেকের কাছেই অনুপ্রেরণা হিসেবে দেখা দিচ্ছে।



