বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনবুধবার, ২০ মে, ২০২৬
জীবনযাপন

ঘর গোছাতে ১২-১২-১২ নিয়ম—ট্রেন্ড নাকি বাস্তব সমাধান?

ঘর গোছাতে ১২-১২-১২ নিয়ম—ট্রেন্ড নাকি বাস্তব সমাধান?

ব্যস্ত শহুরে জীবনে ঘর গোছানো যেন এক অন্তহীন চ্যালেঞ্জ। অফিস, পড়াশোনা, যাতায়াত—সব মিলিয়ে দিনের শেষে ক্লান্ত শরীর নিয়ে কেউই আর এলোমেলো ঘরের দিকে তাকাতে চান না। ড্রয়িংরুমে জমে থাকা ডেলিভারির বাক্স, ড্রেসিং টেবিলে ছড়ানো প্রসাধনী কিংবা চেয়ারের ওপর স্তূপ হয়ে থাকা কাপড়—সব মিলিয়ে বিশৃঙ্খলা যেন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়।

এই বাস্তবতায় সামাজিক মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে একটি সহজ কৌশল— ‘১২-১২-১২ নিয়ম’। অনেকেই বলছেন, এটি ঘর গোছানোর চাপ কমিয়ে আনে। আবার কেউ কেউ মনে করেন, এটি কেবল আরেকটি ট্রেন্ড মাত্র। তাহলে সত্যিটা কী?

১২-১২-১২ নিয়ম আসলে কী?
এই পদ্ধতির মূল ধারণা খুবই সহজ। এ কৌশলে বড় কোনো কাজকে ছোট ছোট ভাগে ভাগ করে নেওয়া হয়। এর মূল রহস্য লুকিয়ে রয়েছে মোট ৩৬টি জিনিসের মধ্যে। নিয়মটি হলো, আপনাকে ৩৬টি জিনিস খুঁজে বের করতে হবে যেখান থেকে—

  • ১২টি জিনিস আপনি ফেলে দেবেন। সেগুলোর মধ্যে থাকবে ছেঁড়া কাগজ, ভাঙা কলম বা মেয়াদোত্তীর্ণ ওষুধ— যেগুলো কোনো কাজে আসবে না।
  • ১২টি জিনিস দান করে দেবেন। যেগুলো আপনার কাজে লাগছে না কিন্তু অন্য কারও কাজে লাগবে।
  • ১২টি জিনিস সঠিক জায়গায় রাখবেন। যেগুলো ঘরে যত্রতত্র পড়ে রয়েছে কিন্তু ঠিক জায়গায় গুছিয়ে রাখতে হবে।

অর্থাৎ, একসঙ্গে পুরো ঘর পরিষ্কার করার বদলে ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে ধীরে ধীরে গুছিয়ে তোলা—এটাই এই নিয়মের মূল দর্শন।

কেন এই নিয়ম জনপ্রিয়?
আমাদের অনেকেরই একটি সাধারণ সমস্যা আছে—অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিতে না পারা। ‘কখনো কাজে লাগতে পারে’ এই ভাবনাই ঘর ভরে ফেলে।

১২-১২-১২ নিয়ম এই মানসিক দ্বিধাকে ভাঙতে সাহায্য করে। কারণ এখানে আপনাকে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক জিনিস নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। এতে—

  • সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি হয়
  • জিনিসপত্রের প্রতি অযথা আবেগ কমে
  • ঘর ধীরে ধীরে হালকা ও গুছানো হয়ে ওঠে

বিশেষ করে আলমারি, ড্রয়ার বা স্টোররুমের মতো জায়গায় এটি দ্রুত দৃশ্যমান পরিবর্তন আনতে পারে।

বাস্তবে কতটা কার্যকর?
এই পদ্ধতির সবচেয়ে বড় শক্তি হলো এতে বড় কাজকে ছোট অংশে ভাগ করে নেওয়ায় মানসিক চাপ কম লাগে। যারা একসঙ্গে পুরো ঘর পরিষ্কার করতে পারেন না বা করতে চান না, তাদের জন্য এটি একটি সহজ শুরু। এ পদ্ধতির বড় গুণ হলো এটি আপনাকে কঠোর হতে শেখায়। অপ্রয়োজনীয় জিনিসগুলো অন্যের কাজে লাগানোর সুযোগ করে দেয়। পুরোনো নোটবুক বা প্রসাধনীর মতো স্তূপ হয়ে থাকা জিনিসের ভিড়ে এ নিয়মটি দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

তবে এর একটি সীমাবদ্ধতাও আছে। আপনার ঘর খুব অগোছালো হলে এক দিনেই বড় কোনো পরিবর্তন আশা করবেন না। যেহেতু আপনি দিনে ৩৬টি জিনিস নিয়ে কাজ করছেন, তাই পুরো ঘর ঝকঝকে করতে আপনাকে বেশ ধৈর্য ধরতে হবে। দীর্ঘদিনের জমে থাকা ময়লা এক নিমেষে সরাতে চাইলে এটি হয়তো সেরা সমাধান নয়। এটি ম্যারাথনের মতো—দ্রুত ফল নয়, ধীরে ধীরে পরিবর্তন আনে।

আপনার কি এ পদ্ধতি অনুশীলন করা উচিত?
এর উত্তরটি নির্ভর করে আপনার জীবনযাত্রার ওপর। যদি আপনার ঘরে প্রচুর অপ্রয়োজনীয় জিনিসের ভিড় থাকে এবং আপনি সেগুলো ফেলতে মায়া বোধ করেন, তবে এ নিয়মটি আপনার জন্য দারুণ একটি উৎসাহ হতে পারে। এটি আপনাকে শেখাবে কীভাবে অল্প অল্প করে এগিয়েও বড় লক্ষ্য অর্জন করা যায়।

যারা সারা দিন বাইরে থাকেন বা খুব দ্রুত ঘর গুছিয়ে ফেলতে পছন্দ করেন, তাদের জন্য ২০ মিনিটের ঝটপট পদ্ধতি বা ছুটির দিনে পুরো ঘর একসঙ্গে গোছানো বেশি কার্যকর। ১২-১২-১২ পদ্ধতিটি একটু ধীরগতির। যারা নতুন করে ঘর গোছানোর অভ্যাস গড়তে চাইছেন এবং অল্প অল্প করে প্রতিদিন এগোতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার শুরু হতে পারে।

ঘর গোছানোর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, যা সবার জন্য সমানভাবে কাজ করবে। তবে ১২-১২-১২ নিয়মটি একটি ভালো সূচনা হতে পারে—বিশেষ করে তাদের জন্য, যারা পরিবর্তন চান কিন্তু শুরুটা কোথা থেকে করবেন বুঝে উঠতে পারেন না।

শেষ পর্যন্ত, গুছানো ঘর মানে শুধু পরিষ্কার পরিবেশ নয়—বরং একটি হালকা, স্বস্তির জীবন।

১২-১২-১২ঘর গোছানো