মশা মারতে পারলে পুরস্কার দেবে ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণ কার্যক্রমে মাঠপর্যায়ে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে কর্মীদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (৩০ মার্চ) গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আগামীতে আমরা কীভাবে মশা নিয়ন্ত্রণ করতে পারবো, তা অনেকাংশে মাঠপর্যায়ের কর্মীদের কাজের ওপর নির্ভর করছে।
মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের গতি বাড়ানোর আহ্বান জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। সর্বোচ্চ আন্তরিকতা ও কমিটমেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা শতভাগ সফল না হলেও আন্তরিকভাবে চেষ্টা করলে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে। তাত্ত্বিক জ্ঞানের তুলনায় ব্যবহারিক জ্ঞানের ওপর অধিক গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিবিড়ভাবে সম্পর্কিত। ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমও জোরদারভাবে বাস্তবায়ন করছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে নগরবাসীকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের তুলনায় ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। মশা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।
প্রশিক্ষণে ডিএনসিসির প্রতিটি ওয়ার্ডের মশক সুপারভাইজারসহ ৮২ জন অংশ নিয়েছেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদরা প্রশিক্ষণ দেন।



