বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশনিবার, ৬ জুন, ২০২৬
শিক্ষা

আবার এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

আবার এইচএসসি পাঠদান ফিরছে ইডেন কলেজে

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে আবারও উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের পাঠদান চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এ উদ্দেশ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মাধ্যমে একটি প্রস্তাব পাঠাতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলামের সই করা গত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। ওই চিঠিটি মাউশির মাধ্যমে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালুর আবেদন বিবেচনার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটিতে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কার্যক্রম কত সালে এবং কী কারণে বন্ধ হয়েছিল।

পাশাপাশি, বর্তমানে এইচএসসি কার্যক্রম পুনরায় চালু করলে সরকারের অতিরিক্ত অর্থ বরাদ্দ প্রয়োজন হবে কি না, সেটিও জানাতে বলা হয়েছে।

মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সংযুক্ত করে একটি প্রস্তাব মাউশির মাধ্যমে পাঠানোর জন্য ইডেন মহিলা কলেজের অধ্যক্ষকে অনুরোধ করা হয়েছে।

ইডেন কলেজএইচএসসিশিক্ষা