বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনশুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
বিবিধ

স্বর্ণের দাম ভরিতে কমল ৬৫৯০ টাকা

স্বর্ণের দাম ভরিতে কমল ৬৫৯০ টাকা

দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। তেজাবী স্বর্ণের দাম কমায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে কমেছে ৬ হাজার ৫৯০ টাকা।

শুক্রবার সকাল ১০টা থেকে সারাদেশে নতুন এই দর কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও দেশের বুলিয়ন মার্কেটে তেজাবী স্বর্ণের মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী (১১.৬৬৪ গ্রাম হিসেবে), ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, যা আগের তুলনায় ভরিতে কমেছে ৬ হাজার ২৯৯ টাকা।

১৮ ক্যারেট স্বর্ণের ভরি এখন ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা। এ দুই ধরনের স্বর্ণের দাম যথাক্রমে ৫ হাজার ৩৬৬ ও ৪ হাজার ৪৩২ টাকা কমেছে।

এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ভরিতে ২ লাখ ৮৬ হাজার টাকা হয়েছিল। সেই তুলনায় এখন স্বর্ণের দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। নতুন হিসেবে ২২ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ৩ হাজার ৩২৪ টাকা।

তবে জুয়েলারি ব্যবসায়ীরা জানিয়েছেন, বাজুস নির্ধারিত এই দামের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম মজুরি যোগ করে অলঙ্কার কিনতে হবে। ফলে বাজারে ক্রেতাদের জন্য প্রকৃত খরচ আরও কিছুটা বেশি হতে পারে।

Advertisements