গ্লোবাল সামিটে শিশুস্বাস্থ্য নিয়ে ডা. জুবাইদা রহমানের প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের জীবনসঙ্গীরা যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান শিশুদের কল্যাণ নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প মার্কিন পররাষ্ট্র দপ্তরে সম্মেলনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বুধবার (২৫ মার্চ) সকালে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগত অতিথিদের স্বাগত জানান। তার বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সম্মেলনে দেওয়া ভাষণে ডা. জুবাইদা রহমান বলেন, ‘একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সমাজ গঠনে বদ্ধপরিকর।’ তিনি দেশে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’-এর মতো জনকল্যাণমূলক উদ্যোগগুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন, যা তৃণমূল পর্যায়ে পারিবারিক স্বচ্ছলতা ও শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা রাখছে।
পেশায় চিকিৎসক ডা. জুবাইদা রহমান মানসম্মত স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধের ওপর জোর দিয়ে বলেন, ‘ডিজিটাল যুগে শিক্ষাব্যবস্থাকে রূপান্তর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বাংলাদেশ সরকার বর্তমানে শিক্ষকদের ট্যাবলেট কম্পিউটার সরবরাহ ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া কনটেন্ট চালুর মাধ্যমে শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য দূর করতে কাজ করছে।’
উল্লেখ্য, সম্মেলনটি মার্কিন ফার্স্ট লেডির আয়োজিত বিশেষ সংবর্ধনার মাধ্যমে শেষ হয়। সম্মেলনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ ১১ প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এতে শিশুদের শিক্ষার উন্নয়নে বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করা হয়। ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল প্রদর্শনীটি পরিদর্শন করেন।
ডা. জুবাইদার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ এবং ব্যারিস্টার মেহনাজ মান্নান।



