লম্বা ছুটি শেষে রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

রোজা ও ঈদুল ফিতরকে কেন্দ্র করে টানা এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবার খুলছে। প্রায় ৪০ দিনের দীর্ঘ ছুটি শেষে আগামী ২৬ মার্চ ছুটি শেষ হলেও সাপ্তাহিক বন্ধ থাকায় শ্রেণি কার্যক্রম শুরু হবে রোববার (২৯ মার্চ) থেকে।
সংশোধিত বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ঈদের ছুটি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ সরকারি ও বেসরকারি উচ্চশিক্ষাপ্রতিষ্ঠান এদিন থেকে খুলছে। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস ও পরীক্ষাও ধাপে ধাপে শুরু হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্বঘোষণা অনুযায়ী, গত ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঈদের ছুটিতে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।
এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকার বিশ্ববিদ্যালয়গুলোতে ছুটি এগিয়ে আনে। বিশেষ করে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
ফলে নির্ধারিত সময়ের আগেই ছুটি শুরু হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দীর্ঘ বিরতি তৈরি হয়। এখন সেই বিরতি শেষে আবার প্রাণ ফিরে পেতে যাচ্ছে ক্যাম্পাসগুলো। শিক্ষার্থীদের উপস্থিতিতে জমে উঠবে ক্লাসরুম, সরগরম হবে আবাসিক হল ও ক্যাম্পাস এলাকা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।



