কিছুটা কমল সোনার দাম, ভরিতে ৩,২৩৬ টাকা

দেশের বাজারে আবারও সমন্বয় করা হয়েছে সোনার দাম। আজ সোমবার নতুন করে কমানো হয়েছে মূল্য, ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা। নতুন এই দামে ভরিপ্রতি কমেছে ৩ হাজার ২৩৬ টাকা। একই সঙ্গে কিছুটা কমানো হয়েছে রুপার দামও।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা ও রুপার (খাঁটি সোনা ও রুপা) দাম কমেছে, সে কারণে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকেই এই দাম কার্যকর হয়েছে।
চলতি সপ্তাহে এটিই সোনার দামের প্রথম সমন্বয়। এর আগে গত সপ্তাহে টানা চার দিন সোনার দাম বেড়েছিল। ওই চার দিনে ভরিপ্রতি মোট ১২ হাজার ১৩ টাকা দাম বাড়ানো হয়। পরে গত বুধবার আবার ৯ হাজার ২১৪ টাকা কমানো হয়। সব মিলিয়ে গত সপ্তাহে সোনার দাম মোট ২ হাজার ৭৯৯ টাকা বেড়েছিল।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২,৬৪,৯৭৮ টাকা, ২১ ক্যারেট সোনার দাম ২,৫২,৮৭৬ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ২,১৬,৭৭৫ টাকা, সনাতন পদ্ধতির সোনার দাম ১,৭৬,৯৪৩ টাকা।
এছাড়া ভালো মানের রুপার দাম ভরিপ্রতি ১৭৫ টাকা কমে এখন দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
বাজুস জানিয়েছে, সোনার নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ হবে, যা ক্রেতাকে অতিরিক্ত পরিশোধ করতে হবে।
বাজারে অস্থিরতা
চলতি বছরের জানুয়ারির শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। কখনো সকালে দাম বাড়ানোর ঘোষণা দিয়ে আবার রাতে কমানোর ঘটনাও ঘটেছে। গত ২৯ জানুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়, তখন এক ভরি ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছিল প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকা।
বিশ্ববাজারের প্রভাব
বিশ্ববাজারের দামের ওপর নির্ভর করেই সাধারণত দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করা হয়। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে কিছুটা দরপতন হওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে। বিশেষ করে ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে বৈশ্বিক অস্থিরতার কারণে প্রথম দিকে সোনার দাম বাড়লেও পরে তা কিছুটা কমতে শুরু করেছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৮২ ডলার কমে দাঁড়িয়েছে প্রায় ৫ হাজার ৯০ ডলার। যদিও দীর্ঘমেয়াদে সোনার বাজার এখনো ঊর্ধ্বমুখী। গত ৩০ দিনে দাম বেড়েছে প্রায় ১১৬ ডলার, আর গত ছয় মাসে বেড়েছে প্রায় ১ হাজার ৫৩০ ডলার।
সব মিলিয়ে বিশ্ববাজারের ওঠানামার প্রভাবেই দেশের বাজারেও সোনার দামে অস্থিরতা অব্যাহত রয়েছে।
গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে প্রায় ১১৬ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে প্রায় ১ হাজার ৫৩০ ডলার।



