অপ্রাপ্তবয়স্কদের অ্যাপে প্রবেশ: বয়স যাচাই করার টুল আনছে অ্যাপল

দৈনন্দিন প্রায় প্রতিটি কাজকর্মের সাথে প্রত্যক্ষ, পরোক্ষভাবে জড়িয়ে গেছে প্রযুক্তি। আধুনিক জীবনযাপনের তাগিদেও প্রযুক্তির প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হচ্ছে সবার। কিন্তু এই আধুনিক প্রযুক্তি যেখানে প্রাপ্ত বয়স্কদের জন্য নানা ধরনের সমস্যার কারণ হয়ে উঠছে, সেখানে শিশু-কিশোরদের বেলায় এগুলো কতোটা কল্যাণকর? তাই নিজেদের অ্যাপ ও সার্ভিসগুলোতে বড় ধরনের পরিবর্তন আনছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।
ব্যবহারকারীর আসল বয়স কত, তা নিশ্চিত করতে তারা এখন বিশ্বজুড়ে ‘এজ ভেরিফিকেশন’ টুল চালু করার ঘোষণা দিয়েছে। টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে অ্যাপলের এই নতুন পদক্ষেপের কথা জানানো হয়। নতুন এ উদ্যোগের অংশ হিসেবে ব্রাজিল, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে ১৮ বছরের কম বয়সী আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্কদের উপযোগী অ্যাপ ডাউনলোডের সময় বাধা দেবে অ্যাপল। ব্যবহারকারী প্রাপ্তবয়স্ক কি না, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এসব অ্যাপ ডাউনলোড করা যাবে না। অপ্রাপ্তবয়স্কদের জন্য নির্দিষ্ট কিছু ডিজিটাল কনটেন্টে প্রবেশ সীমিত করার লক্ষ্যে প্রণীত নতুন ও বিদ্যমান আইন মেনে চলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
টুলগুলো কাজে লাগিয়ে ব্যবহারকারীদের আনুমানিক বয়স অ্যাপ নির্মাতাদের জানানো হবে। এর ফলে স্থানীয় বিধিনিষেধ মেনে অ্যাপ ডাউনলোডের অনুমতি দিতে পারবে নির্মাতারা। বয়স যাচাই করার টুলগুলো মূলত অ্যাপলের ‘ডিক্লেয়ার্ড এজ রেঞ্জ এপিআই’ নির্ভর। ফলে টুলগুলোর মাধ্যমে অ্যাপ নির্মাতারা জানতে পারবেন ব্যবহারকারী শিশু, কিশোর নাকি প্রাপ্তবয়স্ক। তবে সুনির্দিষ্ট জন্মতারিখের মতো বিস্তারিত তথ্য তাদের জানানো হবে না। অ্যাপলের দাবি, এতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা ও আইনি বাধ্যবাধকতার মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হবে।



