মন্ত্রী আফরোজা খানমের নির্দেশনায় বিমান খাতে নতুন পরিকল্পনা

আজ সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। হজ যাত্রীদের ও প্রবাসীদের দুর্ভোগ কমাতে কাজ করবেন বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেসামরিক বিমান ও পর্যটন খাতে পূর্বের অনিয়ম ও দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে।’ হজযাত্রীদের বিমানবন্দরে যাতে কোনো অসুবিধা না হয়, সে বিষয়ে দৃষ্টি রাখা হবে জানিয়ে বিমানমন্ত্রী বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা এয়ারপোর্টে নেমেই যেন সহনশীল জোনে থাকেন, তারা যেন বলতে পারেন এই সরকারের আমলে পরিবর্তন এসেছে, এই সকল কাজই অগ্রাধিকার ভিত্তিতে করা হবে।’ সরকার অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে বলে জানান আফরোজা খানম রিতা। বিমানবন্দরের সার্বিক মান উন্নয়ন করে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করাও সরকারের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন মন্ত্রী। যাত্রীসেবা, নিরাপত্তা এবং ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনার ওপর জোর দেন তিনি। জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার কথাও জানান মন্ত্রী।
বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা জানান, দেশের বিমান খাত ও পরিষেবা আধুনিকায়ন করা হবে। এ জন্য কয়েকটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ দ্রুত শেষ করে পূর্ণাঙ্গভাবে চালু করা হবে। এতে যাত্রীসেবা আরও সহজ ও গতিশীল হবে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীরা নিরাপদ অঞ্চলে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
পাশাপাশি নিজ জেলা মানিকগঞ্জের উন্নয়ন নিয়েও তিনি পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো, যোগাযোগ ব্যবস্থা উন্নত করা এবং স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এরপর দুপুরে তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। সভায় তিনি প্রতিটি উপজেলা ও ইউনিয়নে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং উল্লেখ করেন যে, প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগেই এই অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব।



