ভারতের মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল

আজ ব্যাংককে রাইজিং স্টারস নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল। গতবার ফাইনালে খেলেও শিরোপা জেতা হয়নি বাংলাদেশের মেয়েদের। আজ বাংলাদেশ সময় দুপুর ১টায় মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। রাইজিং স্টারস এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনাল পর্যন্ত প্রতিটি বাধা দাপটের সঙ্গে পেরিয়ে এখন শেষ হাসির অপেক্ষায় ফাহিমা খাতুনের দল।
এবার পুরো টুর্নামেন্টজুড়েই অপ্রতিরোধ্য ছিল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই টানা জয় তুলে নিয়ে সেমিফাইনালে পা রাখে তারা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং মালয়েশিয়াকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় টাইগ্রেসরা। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষেও অসামান্য নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করে ১১০ রান সংগ্রহ করেও টাইগ্রেস বোলাররা দেখিয়েছেন মুন্সিয়ানা। পাকিস্তানকে মাত্র ৫৬ রানে গুটিয়ে দিয়ে ৫৪ রানের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করে তারা। অন্যদিকে প্রতিপক্ষ ভারতও গ্রুপ পর্বে মাত্র একটি ম্যাচ হেরে বেশ শক্তিশালী অবস্থানে থেকে ফাইনালে এসেছে।
টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের ফাইনালে ওঠার মধ্য দিয়ে ফাহিমার দল এখন মানসিকভাবে দারুণ অবস্থানে রয়েছে। জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার ফাহিমা খাতুনের নেতৃত্বে দলটির লক্ষ্য এখন শিরোপা জয় করা। গতকাল এক অডিও বার্তায় পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা জানান, ‘আমরা গ্রুপ পর্বের তিনটা ম্যাচ ও সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছি। আমরা দলগত পারফরম্যান্সে একদূর এসেছি। আজ আমাদের ভারতের সঙ্গে খেলা। আমরা চাইব আমরা যেন দলগতভাবে খেলতে পারি এবং টিমের প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্স করতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
আগামী জুনে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই টুর্নামেন্টকে প্রস্তুতির সেরা মঞ্চ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বিশ্বকাপের বাছাইপর্ব টপকে মূল আসরে খেলার স্বপ্ন দেখা বাংলাদেশ নারী দলের জন্য আজকের ফাইনালটি একটি বড় পরীক্ষা।



