ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: মন্ত্রিসভায় তিন নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন এ মন্ত্রিসভায় তিনজন নারী সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
নবগঠিত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাচ্ছেন আফরোজা খানম রিতা। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। আফরোজা খানম একমাত্র নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রী হচ্ছেন। তিনি মন্ত্রিসভায় স্থান পাওয়ায় মানিকগঞ্জে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মানিকগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক।
ফারজানা শারমিন একজন বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। ফারজানা শারমিন উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিএনপির একমাত্র নারী সংসদ সদস্য। তিনি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত হয়েছেন। ফারজানা সাবেক বিএনপি নেতা প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে। বিগত সময়ের অনিয়মগুলো দূর করে নবউদ্যমে ভালো বাংলাদেশ গড়তে কাজ করতে চান মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শামা ওবায়েদ। শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর–২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শামা ওবায়েদ। শামা ওবায়েদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।



