পররাষ্ট্রে প্রতিমন্ত্রী হলেন শামা ওবায়েদ

শামা ওবায়েদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ সংসদীয় আসনে (সালথা ও নগরকান্দা উপজেলা) প্রার্থী হয়ে ১ লাখ ২১ হাজার ৯৯৪ ভোট পেয়ে জয়ী হন । তিনি একইসাথে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ২০ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেন।
গতকাল মঙ্গলবার বিএনপি দলটির চেয়ারম্যান তারেক রহমান তাঁর সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে শপথ নেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়ে বিএনপি নতুন সরকার গঠন করে। প্রতিমন্ত্রী হিসেবে শামা ওবায়েদ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে খলিলুর রহমানকে (টেকনোক্র্যাট)।
রাজনৈতিক পরিবারে জন্ম শামা ওবায়েদ ইসলামের। বাবার উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে প্রবেশ। তাঁর বাবা মরহুম কে এম ওবায়দুর রহমান একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ওবায়েদ রহমান বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের বাসিন্দা।
হলফনামায় শামা ওবায়েদ নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। সেখানে তিনি অ্যালিউর বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, অ্যাভোসিল্ক সলিউশনের চেয়ারম্যান এবং ইনস্টিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের (আইজিসিএফ) জেনারেল সেক্রেটারি হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। বার্ষিক আয়ের হিসাবে তিনি মোট ২১ লাখ ৮৯ হাজার ৭১ টাকা দেখিয়েছেন। এর মধ্যে অ্যাপার্টমেন্ট ভাড়া থেকে ১২ লাখ ৬০ হাজার টাকা, শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে মুনাফা ৪৬ হাজার ৪০৪ টাকা, চাকরি থেকে আয় ৭ লাখ ৮৬ হাজার ৬৬৭ টাকা এবং সম্মানী ভাতা ৯৬ হাজার টাকা।
অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে তার অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৪ কোটি ৩৭ লাখ ৮৫ হাজার ৮০৬ টাকা। এ তালিকায় রয়েছে নগদ অর্থ ২ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৮৯৪ টাকা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা ৩০ লাখ ৩৩ হাজার ৯১২ টাকা, শেয়ার-বন্ড ও ঋণপত্রে বিনিয়োগ ৫০ লাখ টাকা এবং ৩০ লাখ টাকার একটি জিপ গাড়ি। এ ছাড়া অস্থাবর সম্পত্তির অংশ হিসেবে তিনি ৫০ তোলা স্বর্ণের কথা উল্লেখ করলেও এর কোনো মূল্য দেখাননি।
স্থাবর সম্পদের বিবরণে শামা ওবায়েদ অর্জনকালীন মূল্য দেখিয়েছেন ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৯ কোটি টাকা। উত্তরাধিকার সূত্রে পাওয়া ৪৫০ শতাংশ অকৃষিজমির কোনো মূল্য উল্লেখ করা হয়নি। পাশাপাশি ঢাকার বনানীতে ৩ হাজার ২৪৫ বর্গফুটের একটি ফ্ল্যাটের মূল্য তিনি দেখিয়েছেন ৬ কোটি ৯৩ লাখ ২০ হাজার টাকা।
শামা ওবায়েদ নারী নেতৃত্ব, রাজপথ আন্দোলন এবং টকশোতে দলের অবস্থান তুলে ধরার মাধ্যমে সাধারণ মানুষের নজর কেড়েছেন।



