রুমিন ফারহানা নেননি সংবিধান সংস্কার পরিষদের শপথ

রুমিন ফারহানা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি । আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে জয় লাভ করেন রুমিন ফারহানা। এ সময় প্রথম শপথ শেষে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের অন্য সদস্যরা শপথ নিলেও উঠে চলে যান রুমিন ফারহানা।
এছাড়া সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।
এসময় তিনি আরও বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।
উল্লেখ্য, বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নিয়েছেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথের পর বৈঠকে বসেন তারা।



