আজ বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

চলতি বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আজ ১৬ ফেব্রুয়ারি এবং বিশ্বের বিভিন্ন দেশ এই মহাজাগতিক দৃশ্য দেখতে অপেক্ষায় রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।
চাঁদ যখন পৃথিবী থেকে দূরে থাকে এবং তাকে ‘ছোট’ দেখায়, তখন ছোট চাঁদ বড় সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। ফলে সূর্যের ঢাকা না পড়া বহিঃসীমাকে একটা বলয় বা আংটির মত দেখা যায়- মাঝখানে অন্ধকার আর চারপাশে আলোর বলয়। একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ।
সূর্যের পূর্ণগ্রাস গ্রহণের মতই বলয়গ্রাসের সময়ও একটা ‘ছায়া ফেলা পথ’ তৈরি হয়। এই পথের মধ্যে পৃথিবীর যেসব অঞ্চল সেখান থেকে বলয়গ্রাস গ্রহণ দেখা যায়।
তবে, এই মহাজাগতিক ঘটনা আজ বাংলাদেশ থেকে দেখা যাবে না বলে জানানো হয়েছে। গ্রহণটি আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা ও অ্যান্টার্কটিকা মহাদেশের কিছু অংশ থেকে দৃশ্যমান হবে।



