রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট

পুরো রমজান মাসে সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মাদরাসাগুলোয় ১৫ই ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজান শুরুর আগে থেকে ছুটি শুরু হলেও স্কুলগুলোতে এবার ১৫ই রমজান অর্থাৎ সাতই মার্চ পর্যন্ত নিয়মিত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। এতে অসন্তোষ প্রকাশ করেছিলেন অনেক শিক্ষক।
হাইকোর্টের আদেশের ফলে পুরো রমজান মাসে সবমাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল আটই মার্চের পরিবর্তে ১৮ই ফেব্রুয়ারি থেকেই বন্ধ থাকবে।
গত ৫ জানুয়ারি রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী।নোটিশে তিনি বলেন, বাংলাদেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে— এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান রমজান মাসে বন্ধ থাকে।
সংবিধানের ৩১ অনুচ্ছেদে বলা হয়েছে, আইন ছাড়া কিছুই করা যাবে না, অনুচ্ছেদ ১৫২(১) অনুযায়ী আইন অর্থ বাংলাদেশে আইনের ক্ষমতা সম্পন্ন যেকোনো প্রথা ও রীতি। তাই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় রমজান মাসে খোলা রাখার সরকারের বিতর্কিত সিদ্ধান্ত অসাংবিধানিক। এটি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার জন্য ‘এক প্রকার বৈষম্য’ বলেও নোটিশে বলা হয়।
এ ছাড়া রমজান মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানযটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় বলেও নোটিশে বলা হয়।



