জয়ী হতে পারলেন না তাসনিম জারা

মাঠের প্রচার আর সোশাল মিডিয়ার তুমুল আলোচনা- কোনোটিই শেষ পর্যন্ত জয় এনে দিতে পারল না স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাকে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা-৯ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের হাবিবুর রশিদ হাবিব। ব্যাপক আলোচনার জন্ম দিয়েও তৃতীয় স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জারাকে।
নির্বাচনী সমীকরণে দেখা গেছে, যে দল (এনসিপি) ছেড়ে জারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন, সেই দলের প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়াই তার চেয়ে বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। জামায়াত জোটের শরিক হিসেবে শাপলা কলি প্রতীকে তিনি জারার চেয়ে প্রায় ৯ হাজার ভোট বেশি পেয়েছেন।
জামায়াত জোটের শাপলা কলির এ প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর এক লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ের হাসি ফুটেছে ধানের শীষের হাবিবুর রশিদ হাবিবের মুখে। আর তৃতীয় হওয়া তাসনিম জারা ফুটবল মার্কায় পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট।
সবুজবাগ, খিলগাঁও, মুগদা ও মান্ডা নিয়ে গঠিত এই আসনে তরুণ প্রজন্মের মধ্যে জারাকে নিয়ে ব্যাপক উদ্দীপনা থাকলেও ভোটের চূড়ান্ত হিসাবে অভিজ্ঞ রাজনীতিক হাবিবুর রশিদ হাবিবের কাছে বড় ব্যবধানে হার মানতে হয়েছে তাকে।
উল্লেখ্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে জাতীয় নাগরিক পার্টির যোগদানের প্রশ্নে গত ২৭ ডিসেম্বর এনসিপি থেকে পদত্যাগ করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা। এরপর স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা ১ শতাংশ ভোটারের তালিকা নিয়ে গড়মিলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিলে গিয়ে ১০ জানুয়ারি নিজের পক্ষে রায় পান তাসনিম জারা।



