বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
নারী

প্রতিবাদের শাস্তিঃ এক বছরের জন্য নিষিদ্ধ শুটার কামরুন নাহার কলি

e584bc0effb23eada4636be9fc89d591-697b6784cb16f

বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আলোচনায় আসা তারকা শুটার কামরুন নাহার কলিকে এক বছরের জন্য শুটিং কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফেডারেশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

এর আগে গত জানুয়ারিতে কলিকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। ফেডারেশনের সাবেক যুগ্ম সম্পাদক জি এম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগসহ একাধিক অনিয়মের বিষয়ে প্রকাশ্যে কথা বলেন কলি। তার সঙ্গে আরও কয়েকজন শুটার সরব হলেও শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়েছেন তিনি একাই।

ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রশিক্ষণ ক্যাম্পের কোড অব কন্ডাক্টের সাতটি ধারা লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বহিষ্কারের নোটিশে কলির বিরুদ্ধে ‘অপমানজনক, হুমকিমূলক ও আক্রমণাত্মক আচরণ’-এর অভিযোগ আনা হয়।

ঘটনার সূত্রপাত গত ২৫ জানুয়ারি। সেদিন ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানমের সঙ্গে সাক্ষাৎ করতে যান কলি ও আরও কয়েকজন শুটার। তবে তাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান সাধারণ সম্পাদক। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে কলিকে কথা বলার সুযোগ চাইতে দেখা যায়। ফেডারেশনের দাবি, এই ঘটনাই শৃঙ্খলাভঙ্গের প্রমাণ।

Advertisements

এ বিষয়ে ফেরদৌস আরা খানম বলেন, ‘কোনো কারণ ছাড়াই তো শাস্তি দেওয়া হয়নি। তাকে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সে তা গ্রহণ করেনি। নিয়ম ভাঙলে শাস্তি পেতেই হবে। এখানে কোনো প্ররোচনার বিষয় নেই, সবই নিয়ম মেনেই করা হয়েছে।’

অন্যদিকে কলি এই সিদ্ধান্তকে প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন। তার ভাষায়, ‘এই বহিষ্কারে আমার কোনো আফসোস নেই। আমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি বলেই তাদের রোষানলে পড়েছি। তদন্ত প্রতিবেদনে আমার অভিযোগের সত্যতাও উঠে এসেছে। দুর্নীতি প্রকাশ পাওয়ায় আমাকে মিথ্যা অভিযোগে শাস্তি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার এলে ক্রীড়াঙ্গনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদী। বর্তমান ফেডারেশন কমিটির কাছ থেকে ন্যায়বিচার পাওয়ার আশা নেই বলেও জানান এই শুটার।

Advertisements
নিষিদ্ধপ্রতিবাদশুটার