আজ থাইল্যান্ডে চলছে সংসদ নির্বাচন, হবে গণভোটও

পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান সংশোধন নিয়ে একটি গণভোটও হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রোববার (৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, ইতিমধ্যে দেশটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্ধারিত সময়ের আগেই এই নির্বাচন হচ্ছে। সর্বশেষ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালে। সে সময় নির্বাচিত সংসদ সদস্যদের মেয়াদ ছিল চার বছর। তবে রাজনৈতিক সংকটের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচন দিতে হচ্ছে।
আগাম নির্বাচনের কারণ কি?
২০২৫ সালের মে মাসে থাইল্যান্ড ও প্রতিবেশী দেশ কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা তৈরি হয়। এ সময় কম্বোডিয়ার হামলায় এক থাই সেনা নিহত হন। যা উত্তেজনা বাড়িয়ে দেয়।
এই ঘটনার পর জুন মাসে তৎকালীন থাই প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফোনে কথা বলেন। ওই ফোনকলে তিনি হুন সেনকে ‘আংকেল’ বলে সম্বোধন করেন এবং নিজের দেশের সেনাবাহিনীর সমালোচনা করেন।
উক্ত ফোনকলটি পরে ফাঁস হয়ে গেলে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ ঘটনার জেরে সিনাওয়াত্রার দল ফিউ থাই পার্টির প্রধান জোটসঙ্গী ভূমজাইথাই পার্টি জোট ছাড়ার ঘোষণা দেয়। এতে সরকার মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে।
এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে আগস্টে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত রায় দেন, প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রা নৈতিকতা লঙ্ঘন করেছেন। ফলে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান।
এরপর সংসদের দ্বিতীয় বৃহৎ দল ভূমজাইথাই পার্টির নেতা অনুতিন চার্নভিরাকুল ‘পোগ্রেসিভ পিপলস পার্টি’র সঙ্গে জোট গঠন করে প্রধানমন্ত্রী হন। তবে জোটের শর্ত অনুযায়ী তাকে সংসদ ভেঙে দিয়ে আগাম নির্বাচন দিতে সম্মত হতে হয়।
শর্ত অনুযায়ী অনুতিন চার্নভিরাকুল ডিসেম্বরে সংসদ ভেঙে দেন। এর মধ্য দিয়ে আজকের আগাম সাধারণ নির্বাচনের পথ তৈরি হয়।



