বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
বিনোদন

শুধু টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি: সাফা কবির

safa-kabir-20241201194755

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির শুধু অভিনয়েই নয়, সামাজিক সচেতনতায়ও বরাবরই সক্রিয়। সময়ের নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিজের মত প্রকাশ করতে তিনি কখনো পিছিয়ে থাকেন না। এবার সমাজের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত তুলে ধরলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাফা কবির গৃহকর্মীদের অধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানান। তার সেই বার্তাটি অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং নেটিজেনদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়।

পোস্টে তিনি লিখেছেন, গৃহকর্মীরাও মানুষ। তাদের অনুভূতি, সীমাবদ্ধতা আর স্বপ্ন রয়েছে। তিনি আরো লিখেন, শুধু পারিশ্রমিক দেওয়ার কারণে কাউকে নিজের সম্পত্তি মনে করা ভুল। দীর্ঘ সময় কাজ করার ফলে তারাও ক্লান্ত হয়, অসুস্থ হয়, বিশ্রামের প্রয়োজন পড়ে এই সাধারণ সত্যগুলো আমরা অনেক সময় ভুলে যাই।

সাফা কবির আরও বলেন, গৃহকর্মীরা কোনো যন্ত্র বা বস্তু নন, তারা কারও অধীন দাসও নন। তাদের কাজকে সহযোগিতা হিসেবে দেখার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে কাউকে সম্মান দেখাতে অর্থের প্রয়োজন হয় না। মানবিক হওয়াটাই সবচেয়ে বড় বিষয়।

Advertisements

সাফা কবিরের এই বক্তব্য ভক্ত-অনুরাগীদের মাঝে প্রভাব ফেলেছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, একজন জনপ্রিয় তারকার কাছ থেকে এমন স্পষ্ট সামাজিক বার্তা দায়িত্বশীল সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।

বিনোদন অঙ্গনের বাইরে গিয়েও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এমন অবস্থান নেওয়ায় সাফা কবিরকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। অনেকের মতে তার এই বক্তব্য গৃহকর্মীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisements
বিনোদনসাফা কবির